কলকাতা

“জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়!” প্যালেস্তাইনের পতাকা কাণ্ডে এক্স হ্যান্ডলে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এক্স হ্যান্ডলে শুভেন্দু লেখেন, পশ্চিমবঙ্গ সরকার সব সম্প্রদায়ের ধর্মবিশ্বাস, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক আচার পালনের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ

Truth of Bengal: নবী দিবসের মিছিলে প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। ঘটনাটির ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করে তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, ধর্মীয় স্বাধীনতা যেমন সুরক্ষিত থাকবে, তেমনই জাতীয় মর্যাদা ও আইনশৃঙ্খলার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না। বুধবার এক্স হ্যান্ডলে শুভেন্দু লেখেন, পশ্চিমবঙ্গ সরকার সব সম্প্রদায়ের ধর্মবিশ্বাস, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক আচার পালনের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মিলাদ-উন-নবী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মীয় পতাকার পাশাপাশি যথাযথ সম্মানের সঙ্গে জাতীয় পতাকাও বহন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তবে ধর্মীয় অনুষ্ঠানকে কোনও বহিরাগত রাজনৈতিক বার্তা বা বিভাজনমূলক প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ইসলামপুর জেলা পুলিশ অননুমোদিত বিদেশি পতাকা বাজেয়াপ্ত করে, এফআইআর দায়ের করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। পুলিশের এই পদক্ষেপের প্রশংসাও করেন তিনি। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, গোটা রাজ্যে মাত্র দু’টি এমন পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর কথায়, ধর্মীয় অনুষ্ঠান বিশ্বাস, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বিষয়। সেখানে বিদেশি ভূ-রাজনৈতিক বার্তা বা বিভাজনমূলক প্রচারের কোনও জায়গা নেই। এ প্রসঙ্গে পূর্বতন সরকারকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের আমলে তোষণনীতির কারণে এ ধরনের ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হত না। বর্তমান সরকার সেই নীতি থেকে সরে এসে আইনশৃঙ্খলা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে বলেই দাবি তাঁর।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজ্যের প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালনের অধিকার সুরক্ষিত থাকবে। তবে সেই স্বাধীনতার আড়ালে আইনভঙ্গ বা উস্কানিমূলক কার্যকলাপ হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। নবী দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল ও ধর্মীয় শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ভূমিকাও প্রশংসা করেছেন শুভেন্দু। তাঁর বার্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি জাতীয় মর্যাদা রক্ষাও সমানভাবে নিশ্চিত করবে সরকার।