কলকাতা

ব্রাত্যের সম্পত্তির খতিয়ান: নেই কোনও গাড়ি, ব্যাঙ্কে জমানো ৩ কোটি টাকা!

ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টে তাঁদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে

Truth Of Bengal: বিদায়ী শিক্ষামন্ত্রী তথা দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রাত্যব্রত বসু চতুর্থবার বিধানসভা নির্বাচনে লড়ার আগে তাঁর সম্পত্তির খতিয়ান পেশ করেছেন। ৫৬ বছর বয়সী এই প্রার্থীর নির্বাচনী হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩.০৮ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪.৪১ কোটি টাকায়। উল্লেখযোগ্য বিষয় হলো, মন্ত্রী হওয়া সত্ত্বেও ব্রাত্য বসুর নামে বর্তমানে কোনও গাড়ি নেই।

২০১১ সালে যখন তিনি প্রথমবার রাজনীতিতে আসেন, তখন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৭৩ লক্ষ টাকা। ২০২৬-এর হলফনামা অনুযায়ী ব্রাত্য বসুর নিজের নামে বর্তমানে নগদে রয়েছে ৪০ হাজার টাকা এবং তাঁর স্ত্রী পৌলোমী বসুর কাছে রয়েছে ৩০ হাজার টাকা। ব্যাঙ্কে জমানো টাকার নিরিখে ব্রাত্য বেশ সম্পদশালী; তাঁর ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৩ কোটি ৩১ হাজার ১৯১ টাকা গচ্ছিত রয়েছে। অন্যদিকে, তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমার পরিমাণ ১ কোটি ৬ লক্ষ ১২ হাজার ৪৫৬ টাকা। ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টে তাঁদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

গয়নাগাটি ও অলঙ্কারের ক্ষেত্রেও বিস্তারিত তথ্য দিয়েছেন ব্রাত্য বসু। তাঁর কাছে ১০০ গ্রাম ওজনের সোনার গয়না রয়েছে যার বর্তমান বাজারমূল্য ১৫ লক্ষ ৩৩ হাজার টাকা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৩৮০ গ্রাম ওজনের গয়না যার মূল্য প্রায় ৫৮ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা। যানবাহনের ক্ষেত্রে ব্রাত্য জানিয়েছেন যে, ২০১৪ সালে তিনি একটি মাহিন্দ্রা জিপ কিনেছিলেন, তবে বর্তমানে তাঁর মালিকানায় কোনও গাড়ি নেই।

স্থাবর সম্পত্তির বিবরণে দেখা যাচ্ছে ব্রাত্য বসুর লেক টাউনে একটি আড়াই হাজার বর্গফুটের বাড়ি রয়েছে। পৈতৃক সূত্রে পাওয়া এই বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। এছাড়া ব্রাত্য বা তাঁর স্ত্রী— কারও নামেই কোনও কৃষি বা অকৃষি জমি নেই। সব মিলিয়ে ব্রাত্য বসুর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ১৬ লক্ষ ৪ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ১২ লক্ষ ৫৬ হাজার ৩৩৯ টাকার অস্থাবর সম্পদ। ২০১৬ সালে ১.৯৫ কোটি এবং ২০২১ সালে ৩.০৮ কোটি টাকার মালিক ব্রাত্য ২০২৬ সালে সম্পূর্ণ ঋণমুক্ত একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সস্ত্রীক মিলিয়ে তাঁদের মোট সম্পত্তির পরিমাণ এখন ৬ কোটি টাকারও বেশি।

Related Articles