এবার কাঠমিস্ত্রিকে বেধড়ক মারধরের অভিযোগ! তৃণমূলের প্রাক্তন তারকা বিধায়ক সোহমের বিরুদ্ধে থানায় ডায়েরি
ঘটনায় বেহালা থানায় সোহমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ কাপুর শর্মা নামে ওই ব্যক্তি
Truth of Bengal: তৃণমূলের প্রাক্তন তারকা বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার মারধরের অভিযোগ উঠল। এক কাঠমিস্ত্রির দাবি, ফ্ল্যাটে আসবাবপত্রের কাজ শেষ করার পর বকেয়া টাকা চাইতে গেলে তাঁকে বাড়িতে ডেকে মারধর করা হয়। ঘটনায় বেহালা থানায় সোহমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ কাপুর শর্মা নামে ওই ব্যক্তি। যদিও অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত অভিনেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ কাপুর শর্মার অভিযোগ, প্রায় দেড় থেকে দু’মাস আগে নিজের একটি ফ্ল্যাটে আসবাবপত্র তৈরির কাজের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন সোহম। কাজের হিসেব চূড়ান্ত হওয়ার পর শুরুতেই ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। বাকি টাকা কাজ শেষ হওয়ার পর মিটিয়ে দেওয়ার কথা ছিল বলে দাবি রাজের।
সম্প্রতি ফ্ল্যাটের কাজ সম্পূর্ণ হয়। এরপর প্রায় ৮০ হাজার টাকা বকেয়া রয়েছে জানিয়ে সোহমের সঙ্গে যোগাযোগ করেন রাজ। তাঁর অভিযোগ, সেই টাকা দিতে প্রথমে অস্বীকার করা হয়। তাঁকে নাকি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আর কোনও টাকা দেওয়া হবে না। অভিযোগকারীর দাবি, রবিবার সোহমের এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে বাড়িতে যেতে বলেন। সেই অনুযায়ী সোমবার তিনি সেখানে পৌঁছন। কিন্তু টাকা দেওয়ার কথা বলে দীর্ঘক্ষণ তাঁকে অপেক্ষা করানো হয় বলে অভিযোগ। পরে বকেয়া টাকা নিয়ে প্রশ্ন তুলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজের আরও অভিযোগ, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি। ঘটনার পরই বেহালা থানায় গিয়ে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রাজ।
তবে এই অভিযোগের সত্যতা এখনও পুলিশি তদন্তসাপেক্ষ। সোহম চক্রবর্তীর বক্তব্য সামনে এলে ঘটনার অন্য দিকটিও স্পষ্ট হতে পারে। এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন সোহম। বিধায়ক থাকাকালীন সল্টলেকের একটি হোটেলে শুটিং চলাকালীন পার্কিং সংক্রান্ত বিবাদের জেরে হোটেল কর্তৃপক্ষ ও কর্মীদের সঙ্গে তাঁর বচসার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও বিনোদন মহলে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। পরে নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছিলেন অভিনেতা। নতুন অভিযোগ ঘিরে ফের আলোচনার কেন্দ্রে সোহম চক্রবর্তী। বেহালা থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে এবং অভিনেতা নিজে এ বিষয়ে কী ব্যাখ্যা দেন, এখন নজর সেদিকেই।






