কলকাতা

তিনটি এফআইআর-এ অন্তর্বর্তী রক্ষাকবচ! আইনি লড়াইতে বড় জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছেন, এই মামলাগুলিতে ডায়মন্ড হারবারের সাংসদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই।

Truth of Bengal: আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি পৃথক এফআইআর-এর প্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছেন, এই মামলাগুলিতে ডায়মন্ড হারবারের সাংসদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। আদালতের এই আদেশের ফলে তাঁর বিরুদ্ধে থাকা মোট ১৬টি এফআইআর-এর মধ্যে আটটিতেই রক্ষাকবচ পেলেন অভিষেক।

তবে আদালতের এই স্বস্তির সাথে যুক্ত রয়েছে একাধিক কড়া শর্ত। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্তকারী সংস্থা ডাকলে অভিষেককে সবরকম সহযোগিতা করতে হবে, যদিও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিশ পাঠাতে হবে। যদি তিনি তদন্তে অসহযোগিতা করেন, তবে রাজ্য সরকার পুনারায় আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এ ছাড়া আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশযাত্রা করতে পারবেন না। তবে চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের দেওয়া পূর্ববর্তী অনুমতি এই নির্দেশের আওতাভুক্ত থাকবে না। উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Related Articles