দেশ

‘প্রশ্ন করুন, উত্তর দেব’, নিট-কাণ্ডে জবাব দিতে প্রস্তুত অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসেও সন্তুষ্ট নন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি

Truth of Bengal: সংসদে বিরোধীদের একের পর এক প্রশ্নের জবাব দিতে প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুর ৩টে থেকে বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত সংসদে থাকার কথা জানিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে বিরোধীরা আলোচনার জন্য যে কোনও প্রশ্ন তুললে তার উত্তর দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন শাহ। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসেও সন্তুষ্ট নন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁর বক্তব্য, শাহ কী বলবেন, তা নিয়ে বিরোধীদের আগ্রহ নেই; বরং তাঁরা জানতে চান, ছাত্রদের উপর পুলিশি দমন-পীড়নের নির্দেশ কে দিয়েছিল।নিট-কাণ্ডের প্রতিবাদে দিল্লিতে হওয়া ছাত্রবিক্ষোভে পুলিশি দমন-পীড়নের অভিযোগ ঘিরে বেশ কিছু দিন ধরেই উত্তপ্ত সংসদ। শান্তিপূর্ণ প্রতিবাদে ছর্‌রা গুলি চালানো এবং পড়ুয়াদের উপর বলপ্রয়োগের অভিযোগ তুলেছে বিরোধীরা। দিল্লি পুলিশ ও র‌্যাফের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকেই দিতে হবে বলে দাবি বিরোধীদের।

এর পাশাপাশি অযোধ্যার রামমন্দিরে ‘প্রণামীচুরি’র অভিযোগ নিয়েও সংসদে সরব হয়েছে বিরোধী দলগুলি। এই দুই ইস্যুতে শাহের বক্তব্যের দাবিতে সংসদের ভিতরে এবং বাইরে বিক্ষোভ দেখাচ্ছে তারা। বুধবার বিরোধীদের উদ্দেশে শাহ বলেন, তাঁরা আলোচনা চাইলে চিঠি দিয়ে তা জানাতে পারেন। দুপুর ৩টে থেকে পরের দিন দুপুর ৩টে পর্যন্ত তিনি আলোচনার জন্য প্রস্তুত থাকবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।শাহের বক্তব্য, বিরোধীদেরই সিদ্ধান্ত নিতে হবে তাঁরা সংসদে আলোচনা চান, নাকি অচলাবস্থা জারি রাখতে চান। তাঁর অভিযোগ, অধিবেশন শুরু হওয়ার পর প্রতিদিনই তিনি সংসদে উপস্থিত থেকেছেন। নিজের ঘরেও ছিলেন। কিন্তু বিরোধীরা যদি সংসদের কাজ চলতে না দেন, তা হলে তাঁর পক্ষে কী করার আছে—প্রশ্ন শাহের।

শাহের এই আশ্বাসের পরও অবস্থান বদলায়নি বিরোধীদের। রাহুল গান্ধি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কী বলবেন, তা নিয়ে তাঁরা আগ্রহী নন। বরং ছাত্রদের উপর যে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার নির্দেশদাতা কে ছিলেন, সেটাই তাঁদের মূল প্রশ্ন। রাহুলের অভিযোগ, ছাত্রদের উপর গুলি চালানো এবং পেরেক লাগানো লাঠি দিয়ে তাঁদের মারার নির্দেশ কে দিয়েছিল, তা স্পষ্ট করতে হবে। তাঁর দাবি, যদি সেই নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে থাকেন, তা হলে তাঁর পদত্যাগ করা উচিত। রাহুল আরও অভিযোগ করেন, গত প্রায় ২০ দিন ধরে অমিত শাহ সংসদে উপস্থিত হচ্ছেন না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বিরোধীদের প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস নেই বলেও কটাক্ষ করেন তিনি।অন্যদিকে, বিরোধীদের দাবি, শাহ সংসদে এসে বিবৃতি না দেওয়া পর্যন্ত তারা অন্য কোনও বিষয়ে আলোচনায় অংশ নেবে না। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরেই সংসদের অচলাবস্থা কাটার সম্ভাবনা তৈরি হলেও বিরোধীদের অনড় অবস্থানে পরিস্থিতি এখনও জটিল। এই পরিস্থিতিতে গত সোমবার কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন, ছাত্রবিক্ষোভে পুলিশি অত্যাচারের অভিযোগ নিয়ে সংসদে বক্তব্য দিতে প্রস্তুত শাহ। পড়ুয়াদের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে সরকার আলোচনায় রাজি বলেও জানিয়েছিলেন তিনি।বিরোধীদের তোলা প্রশ্নগুলির জবাব দেওয়ার আশ্বাসের পাশাপাশি সংসদের কাজ যাতে অস্থিরতার কারণে ব্যাহত না হয়, তার জন্য বিরোধীদের সহযোগিতাও চেয়েছিলেন রিজিজু।

 

Related Articles