দেশ

পাকিস্তান নিয়ে সুরবদল মোহন ভাগবতের! ‘চিরশত্রু’ নয়, আলোচনার পক্ষেই RSS প্রধান

পাকিস্তান প্রসঙ্গে এবার কিছুটা ভিন্ন সুর শোনা গেল আরএসএস প্রধান মোহন ভাগবতের মুখে।

Truth Of Bengal: পাকিস্তান প্রসঙ্গে এবার কিছুটা ভিন্ন সুর শোনা গেল আরএসএস প্রধান মোহন ভাগবতের মুখে। তাঁর বক্তব্য, পাকিস্তানের নাগরিক মানেই ভারতের চিরশত্রু—এমন ধারণা ঠিক নয়। সংঘাতের অবসান মানে শুধু প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধানের পথ খোঁজাও জরুরি।

সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত বলেন, কোনও সংকট বা আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হলে দেশের সরকার এবং সেনাবাহিনীর পাশে দাঁড়ানোই নাগরিকদের কর্তব্য। তবে সেই সংঘাতকে স্থায়ী শত্রুতায় পরিণত করা উচিত নয় বলেও মত তাঁর।

আরএসএস প্রধানের কথায়, কোনও দেশের সঙ্গে মতবিরোধ বা সংঘর্ষের কারণে সাময়িকভাবে সম্পর্কের অবনতি হতে পারে। কিন্তু সেই বিরোধ যদি দীর্ঘস্থায়ী ঘৃণা এবং বিচ্ছেদে পরিণত হয়, তাহলে সমস্যার স্থায়ী সমাধান পাওয়া কঠিন হয়ে পড়ে। তাঁর মতে, শেষ পর্যন্ত মানবসমাজকে বৃহত্তর ঐক্যের পথেই এগোতে হবে।

পাকিস্তান প্রসঙ্গে ভাগবত আরও বলেন, পাকিস্তান একসময় ভারতেরই অংশ ছিল। তাই দুই দেশের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে, সেগুলির স্থায়ী সমাধান আলোচনার মাধ্যমেই খোঁজা সম্ভব বলে তিনি মনে করেন।

ভাগবতের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কারণ পাকিস্তান নীতিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান দীর্ঘদিন ধরেই কঠোর। নয়াদিল্লি বারবার জানিয়েছে, সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের মাটি থেকে ভারতে একাধিক জঙ্গি হামলার অভিযোগ ওঠার পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা কার্যত বন্ধই রয়েছে।

পুলওয়ামা, পাঠানকোট এবং পহেলগাঁওয়ের মতো হামলার পর কেন্দ্রের অবস্থান আরও কঠোর হয়েছে। সেই প্রেক্ষাপটে পাকিস্তান নিয়ে আরএসএস প্রধানের আলোচনামুখী বক্তব্য রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে ভাগবতের মন্তব্যের অর্থ কেন্দ্রীয় সরকার পাকিস্তান নীতিতে অবিলম্বে কোনও পরিবর্তন আনছে—এমন ইঙ্গিত এখনও নেই। তাঁর বক্তব্য মূলত স্থায়ী শত্রুতার বদলে দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এখন দেখার, এই মন্তব্য আগামী দিনে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন কোনও রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় কি না।

Related Articles