কলকাতা

বিধানসভার পিএসি চেয়ারম্যান পদে চমক! দায়িত্ব পাচ্ছেন বিরোধী দলের বিধায়ক কানাইয়ালাল অগ্রবাল

বিধানসভার মোট ৪১টি কমিটির মধ্যে ১০টির চেয়ারম্যান পদ বিরোধী শিবিরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক বিজেপি

Truth of Bengal: অবশেষে জল্পনার অবসান। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে বিরোধী শিবিরের বিধায়ক কানাইয়ালাল অগ্রবালের নাম চূড়ান্ত করেছে বিধানসভা সচিবালয়। মঙ্গলবার বিধানসভা সূত্রে জানা গিয়েছে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের এই বিধায়ককেই গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব দেওয়া হচ্ছে। চলতি বিধানসভা নির্বাচনে ইসলামপুর কেন্দ্র থেকে জোড়াফুল প্রতীকে জয়ী হন কানাইয়ালাল। পরবর্তী সময়ে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দল বিভক্ত হলে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন। বর্তমানে পিএসির ২০ জন সদস্যের মধ্যে ১৪ জন শাসকদলের এবং ছ’জন বিরোধী শিবিরের। বিরোধী শিবিরের ওই ছ’জন সদস্যের মধ্যে কানাইয়ালালও রয়েছেন। বিধানসভার মোট ৪১টি কমিটির মধ্যে ১০টির চেয়ারম্যান পদ বিরোধী শিবিরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক বিজেপি। এর মধ্যে একটি কমিটির চেয়ারম্যান হতে চলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বাকি ন’টি কমিটির নেতৃত্ব পাবেন ঋতব্রত শিবিরের বিধায়কেরা।

কালীঘাট তৃণমূলের বিধায়কদের বিভিন্ন কমিটির সদস্য করা হলেও তাঁদের কাউকে চেয়ারম্যান পদ দেওয়া হবে না বলে বিধানসভা সূত্রের খবর। ফলে কমিটি বণ্টনের ক্ষেত্রেও তৃণমূলের দুই শিবিরের মধ্যে স্পষ্ট বিভাজন বজায় রাখা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পিএসি চেয়ারম্যান নির্বাচন নিয়ে অতীতেও একাধিকবার বিতর্ক হয়েছে। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বিরোধী দলের বিধায়কদের দলে টেনে এনে তাঁদের এই গুরুত্বপূর্ণ পদে বসানোর রেওয়াজ তৈরি হয়েছিল। কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে পিএসির চেয়ারম্যান করা হয়। পরবর্তী সময়ে তিনি রাজ্যসভার সাংসদ হলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া শংকর সিংহ ওই দায়িত্ব পান। পরে বিজেপি বিধায়ক মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকেও পিএসি চেয়ারম্যান করা হয়েছিল।

মুকুল রায় পদত্যাগ করার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণ কল্যাণীকে দায়িত্ব দেওয়া হয়। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হওয়ায় কৃষ্ণকে বিধায়ক পদ ছাড়তে হয়েছিল। এর পর বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল পিএসির চেয়ারম্যান হন। এ বার অবশ্য সেই প্রথায় পরিবর্তন দেখা গেল। বিজেপিতে যোগ দেওয়া কোনও বিরোধী বিধায়ককে দায়িত্ব না দিয়ে তৃণমূলের বিদ্রোহী শিবিরের সদস্য কানাইয়ালাল অগ্রবালকে পিএসি চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বিধানসভার অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। উল্লেখযোগ্য ভাবে, এ বারের বিধানসভায় একাধিক গুরুত্বপূর্ণ পদে উত্তরবঙ্গের প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্পিকার রথীন্দ্র বসু, মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি এবং পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ—সকলেই উত্তরবঙ্গ থেকে নির্বাচিত। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছেন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল অগ্রবাল।

Related Articles