বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে শ্যামবাজার মেট্রো? বড় প্রস্তাব অগ্নিমিত্রার
মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন উপলক্ষে শ্যামবাজারের ৩০ বি, রামধন মিত্র লেনে তাঁর পুরনো বাড়িতে যান অগ্নিমিত্রা পাল
Truth of Bengal: বাংলার শিল্প ও সংস্কৃতি সংরক্ষণে নতুন উদ্যোগ নিল রাজ্যের বিজেপি সরকার। প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে তাঁর স্মৃতি রক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বীরেন্দ্রকৃষ্ণের শ্যামবাজারের বাড়িটিকে ‘হেরিটেজ’ ঘোষণা করার পাশাপাশি নিকটবর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম তাঁর নামে করার প্রস্তাব দিয়েছেন তিনি। মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন উপলক্ষে শ্যামবাজারের ৩০ বি, রামধন মিত্র লেনে তাঁর পুরনো বাড়িতে যান অগ্নিমিত্রা পাল। সেখানে কিংবদন্তি শিল্পীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। পরে বীরেন্দ্রকৃষ্ণের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁর পুত্রবধূ সুস্মিতা ভদ্রের সঙ্গে কথা বলেন।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিচিত ছদ্মনাম ‘বিরুপাক্ষ’ এবং তাঁর সাংস্কৃতিক অবদান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, শিল্পীর স্মৃতিবিজড়িত বাড়িটি সংরক্ষণ করা প্রয়োজন। দীর্ঘদিনের পুরনো বিশাল বাড়িটিতে বর্তমানে অল্প কয়েকজন বসবাস করেন। সময়ের সঙ্গে বাড়িটির বিভিন্ন অংশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাই সেটিকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করে যথাযথভাবে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান অগ্নিমিত্রা। একই সঙ্গে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে রাখার প্রস্তাবও দিয়েছেন তিনি। মন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন শিল্পীর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ ও চণ্ডীপাঠ ছাড়া বাঙালির দুর্গাপুজোর আবহ যেন পূর্ণতা পায় না। তাঁর কণ্ঠ আজও বাঙালির আবেগ, ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অথচ এতদিন তাঁর জন্মদিন সরকারি উদ্যোগে বিশেষভাবে পালিত হয়নি বলেই দাবি সংশ্লিষ্ট মহলের।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বাংলার মনীষী, শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মৃতি সংরক্ষণে বাড়তি গুরুত্ব দিচ্ছে। সেই কর্মসূচিরই অংশ হিসেবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে মন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বদের নাম যুক্ত করার নজির অবশ্য আগেও রয়েছে। মহানায়ক উত্তম কুমার, কবি নজরুল, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কবি সুকান্ত ভট্টাচার্যের নামে শহরে মেট্রো স্টেশন রয়েছে। কয়েকটি ক্ষেত্রে পুরনো স্টেশনের নাম পরিবর্তন করেও মনীষীদের সম্মান জানানো হয়েছে। এবার সেই তালিকায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মনীষীদের পুরনো বাসভবন চিহ্নিত করে সংরক্ষণ ও হেরিটেজ ঘোষণার পরিকল্পনাও রয়েছে সরকারের। এর আগে হুগলিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণের কথাও জানিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি এবং শ্যামবাজার মেট্রো স্টেশন নিয়ে তাঁর প্রস্তাব দ্রুত বাস্তবায়িত হবে বলেই আশাবাদী শিল্পীর পরিবার ও অনুরাগীরা।


