রাজ্যের খবর

দিঘায় সমুদ্রস্নানে পোশাক ও মদ্যপানে কড়া বিধিনিষেধ, বড় সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রীর

সমুদ্রতটে বিপজ্জনক পরিস্থিতি এড়াতে আরও বেশ কিছু আধুনিক সুরক্ষাব্যবস্থা ও নির্দেশিকার কথা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

Truth of Bengal: বাঙালির অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় সমুদ্রস্নানের সময় দুর্ঘটনা এড়াতে ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শনিবার দিঘা স্টেট জেনারেল হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এবার থেকে দিঘার সমুদ্রে শাড়ি কিংবা সালোয়ার-কামিজ পরে স্নান করায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বিপুল সংখ্যক পর্যটকের সুরক্ষার কথা মাথায় রেখে সমুদ্রস্নানের উপযোগী সুইমসুট বা হালকা পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে পোশাকের সংস্কৃতি নিয়ে কারও আপত্তি থাকলে সে ক্ষেত্রে যাতে অন্তত উজ্জ্বল বা ফ্লুরোসেন্ট রঙের শাড়ি-সালোয়ার পরা হয়, সেই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে।

সমুদ্রতটে বিপজ্জনক পরিস্থিতি এড়াতে আরও বেশ কিছু আধুনিক সুরক্ষাব্যবস্থা ও নির্দেশিকার কথা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। জলে নেমে পর্যটকরা যাতে সহজেই বিপদ এড়াতে পারেন, সেজন্য মাথায় ফ্লুরোসেন্ট ক্যাপ পরার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে দূর থেকেও লাইফগার্ডরা তাঁদের চিহ্নিত করতে পারেন। এছাড়া দিঘা উপকূলে প্রতি ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ ও উন্নত মানের লাইফগার্ড মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, দিঘার সমুদ্রতট ও আশেপাশের এলাকাকে নেশামুক্ত রাখতে কড়া কদম তোলার ভাবনা চলছে। ডাবের ভেতর মদ রেখে বিক্রির মতো অসাধু উপায়ের কথা উল্লেখ করে মন্ত্রী স্থানীয় বিধায়ককে নিশ্চিত করতে বলেন, যাতে কোনো পর্যটকই মদ্যপ অবস্থায় সমুদ্রে বা তটে নামতে না পারেন।

উল্লেখ্য, পর্যটকদের দ্রুত চিকিৎসাসেবা প্রদান ও জলে ডোবার আতঙ্ক দূর করতে সম্প্রতি রাজ্য বাজেটে দিঘায় একটি ট্রমা কেয়ার সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু দিঘাজুড়ে প্রচুর রেস্তোরাঁ রয়েছে, তাই অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা সামলাতে সেখানে একটি বার্ন কেয়ার ইউনিটও তৈরি করা হবে। সরকারের এই বহুমুখী উদ্যোগে দিঘায় আগত পর্যটকদের নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles