কাশ্মীর হানায় নিহতদের শ্রদ্ধাঞ্জলি, কেন্দ্রকে দায় তৃণমূলের
Trinamool pays tribute to those killed in Kashmir attack, blames Centre
Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া : কাশ্মীরে জঙ্গি হানায় পর্যটক মৃত্যুকে ঘিরে গোটা দেশজুড়ে শোকের ছায়া। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে বিষ্ণুপুর শহরের অশোক স্তম্ভের পাদদেশে শহীদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে ও পুষ্পার্ঘ্য নিবেদন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষ, পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব, কর্মী, সমর্থক এবং সাধারণ নাগরিকেরা।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই হামলার পিছনে কেন্দ্রীয় সরকারের গাফিলতি রয়েছে। তাদের অভিযোগ, কেন্দ্রের অসচেতনতা এবং গোয়েন্দা বিভাগের ব্যর্থতাই এই ঘটনায় একাধিক নিরীহ মানুষের প্রাণহানির কারণ হয়েছে। এমন মর্মান্তিক হামলার আগাম খবর কেন্দ্র বা সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে না থাকা গভীর প্রশ্নের সৃষ্টি করছে। তারা দাবি করেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কেন্দ্র সরকারকে এই মৃত্যুগুলির দায় স্বীকার করে পদক্ষেপ নিতে হবে।
এই ঘটনার প্রতিবাদে এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিষ্ণুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে সাধারণ মানুষেরও ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।






