খেলা

কমনওয়েলথে ভারতের সোনার দিন বক্সিংয়ে জোড়া সোনা প্রীতি ও জ্যাসমিনের 

৫৪ কেজি বিভাগের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন কানাডার স্কারলেট সাভান্না ডেলগাডো।

Truth of Bengal: কমনওয়েলথ গেমসে শনিবার ভারতের জন্য এল সোনালি সকাল। বক্সিং রিংয়ে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করে দেশের পদক তালিকায় বড় অবদান রাখলেন প্রীতি পওয়ার ও জ্যাসমিন ল্যাম্বোরিয়া। কয়েক ঘণ্টার ব্যবধানে মহিলাদের ৫৪ কেজি ও ৫৭ কেজি বিভাগে জোড়া সোনা জিতে ভারতের শক্তি ও দাপটের পরিচয় দিলেন দুই ভারতীয় বক্সার।

প্রথমে রিংয়ে নামেন প্রীতি পওয়ার। ৫৪ কেজি বিভাগের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন কানাডার স্কারলেট সাভান্না ডেলগাডো। শুরু থেকেই আক্রমণাত্মক বক্সিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন ভারতীয় বক্সার। দ্রুত পায়ের গতি, নিখুঁত পাঞ্চ এবং শক্তিশালী রক্ষণে ডেলগাডোকে কার্যত কোনও সুযোগ দেননি তিনি।

প্রথম রাউন্ডে পাঁচ বিচারকই প্রীতিকে এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ছবি দেখা যায়। ওই রাউন্ডে ডেলগাডো নকডাউনের শিকার হন। ফলে শেষ রাউন্ডে যাওয়ার আগেই লড়াইয়ে বড় ব্যবধান তৈরি করে ফেলেছিলেন প্রীতি। শেষ ৩ মিনিটে কোনও ঝুঁকি না নিয়ে ঠান্ডা মাথায় লড়াই শেষ করেন তিনি। পাঁচ বিচারকের সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে জয় তুলে নিয়ে সোনা নিশ্চিত করেন ২২ বছরের এই বক্সার।

এর আগে সেমিফাইনালে জাম্বিয়ার ক্যাথরিন মাওয়াপেকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন প্রীতি। চলতি বছর বিশ্ব বক্সিং কাপ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সাফল্য পেয়েছেন তিনি। কমনওয়েলথে তাঁর এই সোনা তাই চলতি মরশুমের আরও একটি বড় সাফল্য।

প্রীতির সোনার পর ভারতের জন্য আরও একটি সুখবর আসে জ্যাসমিন ল্যাম্বোরিয়ার হাত ধরে। ৫৭ কেজি বিভাগের ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞ মাইকেলা ওয়ালশের মুখোমুখি হন তিনি। শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন জ্যাসমিন। প্রথম দুই রাউন্ডে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে জয় পান ২৪ বছরের ভারতীয় বক্সার। জয়সূচক ঘোষণার পর জ্যাসমিন ও মাইকেলা ওয়ালশ একে অপরকে আলিঙ্গন করেন।

প্রতিপক্ষের লড়াইয়ের প্রশংসা জানিয়ে জ্যাসমিন তাঁর হাতও তুলে ধরেন। এই জয়ের মাধ্যমে ভারতের সপ্তম সোনা আসে চলতি কমনওয়েলথ গেমসে।
শুধু বক্সিং নয়, অ্যাথলেটিক্সেও ভারতের সাফল্য এসেছে। পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল রুপোর পদক জিতেছেন। একই ইভেন্টে সেলভা প্রভু থিরুমারন পেয়েছেন ব্রোঞ্জ। বক্সিং রিংয়ের জোড়া সোনা ও অ্যাথলেটিক্সের পদক মিলিয়ে কমনওয়েলথ গেমসে ভারতের অভিযান আরও শক্তিশালী হয়ে উঠেছে।

Related Articles