
Truth of Bengal: না, হল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় এ দল প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও হারের মুখ দেখল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঋতুরাজ গায়কোয়াড়দের ৬ উইকেটে হারালেন মার্কাস হ্যারিসরা। চলতি মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। সেই পাঁচ টেস্টের সিরিজের আগে কেএল রাহুল-ঋতুরাজদের নিয়ে একপ্রকার ছেলেখেলাই করলেন ক্যাঙারু দেশের ক্রিকেটাররা। ফলে খেলার নিষ্পত্তি হয়ে গেল তৃতীয় দিনের মাথাতেই।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিসেও মেন-ইন ব্লুজদের হয়ে সর্বোচ্চ রান করলেন ধ্রুব জুড়েল। তাঁর ব্যাট থেকে এল মূল্যাবান ৬৮ রান। বাকিদের মধ্যে কিছুটা লড়াই করলেন নীতিশ কুমার এবং তনুশ কোতিয়ান। বাকিরা হলেন কেবল আয়ারাম আর গয়ারাম। মোট কথা অস্ট্রেলিয়ার বোলারদের কাছে একপ্রকার আত্মসমর্পণই করলেন কেলএল রাহুল, অভিমুন্য-ঋতুরাজরা। ব্যর্থতার এই তালিকায় অবশ্যই প্রথম সারিতে নাম থাকবে লোকেশ রাহুল এবং ঋতুরাজ গায়কোয়ারের। এঁদের পাশাপাশি হতাশ করলেন বাংলার ব্যাটসম্যান অভিমুন্যু ইশ্বরণও।
প্রথম ইনিংসে ভারতের প্রথম ইনিংস ১৬১ রানে শেষ হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার সংগ্রহ ২২৩ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২৯ রানেই গুটিয়ে গেলেন ভারতের ব্যাটসম্যানরা। ফলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৬৮ রান। মাত্র চার উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যান নাথাম-ব্যানক্রফটরা।



