মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্য তথ্য কমিশন ছাড়লেন রাজীব-পত্নী! সঞ্চিতা কুমারের ইস্তফা ঘিরে জোর জল্পনা
নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
Truth of Bengal: পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন আইপিএস তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার। মঙ্গলবার রাজ্যপাল আর এন রবির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।প্রশাসনিক সূত্রের দাবি, পদত্যাগপত্র পাঠানোর পরই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন সঞ্চিতা। বর্তমানে সংসদের অধিবেশনের কারণে রাজধানীতে রয়েছেন তাঁর স্বামী রাজীব কুমার। ফলে সঞ্চিতার আকস্মিক দিল্লিযাত্রা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
তৃণমূল সরকারের আমলেই রাজ্যের তথ্য কমিশনের সদস্য হিসেবে সঞ্চিতা কুমারের নাম মনোনীত হয়েছিল। ২০২৫ সালের মার্চ মাসে তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর নিয়োগে অনুমোদন দেন। এরপর তিনি তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার প্রায় দেড় বছরের মধ্যেই পদত্যাগ করলেন সঞ্চিতা। তাঁর নির্ধারিত কার্যকালের মেয়াদ এখনও শেষ হয়নি। নবান্নের শীর্ষ আধিকারিকদের একাংশের মতে, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে তাঁর পদত্যাগ অপ্রত্যাশিত নয়। রাজীব কুমার দীর্ঘদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আধিকারিক হিসেবে পরিচিত ছিলেন। প্রশাসনিক মহলের একাংশের ধারণা, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজীবের স্ত্রীর পক্ষে তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ পদে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছিল। যদিও পদত্যাগের নির্দিষ্ট কারণ নিয়ে সঞ্চিতার তরফে এখনও প্রকাশ্যে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই তৃণমূলের অভ্যন্তরে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি। লোকসভার ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন এনসিপিআই-তে যোগ দিয়ে কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এদিকে তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর ফের রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে অভিনেত্রী কোয়েল মল্লিকও বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।তবে রাজীব কুমার এখনও কালীঘাটপন্থী তৃণমূলের সঙ্গেই রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁর স্ত্রী সঞ্চিতা কুমারের তথ্য কমিশন থেকে পদত্যাগ রাজনৈতিক কোনও পরিবর্তনের ইঙ্গিত কি না, তা নিয়েই নতুন করে জল্পনা তৈরি হয়েছে।






