লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি! মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন আসতেই তোলপাড় দিল্লি
পুলিশ সূত্রে খবর, শুক্রবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে দাবি করে, লালকেল্লায় বিস্ফোরণ ঘটানো হবে
Truth of Bengal: ফের বোমাতঙ্ক রাজধানীতে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। খবর পাওয়া মাত্র দিল্লি পুলিশকে সতর্ক করা হয়। দ্রুত লালকেল্লা চত্বর ঘিরে শুরু হয় ব্যাপক তল্লাশি। তবে দীর্ঘ অনুসন্ধানের পর কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। শেষ পর্যন্ত হুমকিটিকে ভুয়ো বলে ঘোষণা করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে দাবি করে, লালকেল্লায় বিস্ফোরণ ঘটানো হবে। বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন মুম্বই পুলিশের আধিকারিকেরা।
এরপরই লালকেল্লার নিরাপত্তা আরও জোরদার করা হয়। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যেরা গোটা এলাকা ঘিরে ফেলেন। বম্ব স্কোয়াড ও স্নিফার ডগের সাহায্যে ঐতিহাসিক সৌধ এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তবে কোথাও কোনও বিস্ফোরক বা বিপজ্জনক সামগ্রীর সন্ধান মেলেনি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই ফোন করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। কে ফোন করেছিল এবং কোথা থেকে ফোনটি করা হয়েছিল, তা শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি লালকেল্লার পাশাপাশি দিল্লি সচিবালয়, বিধানসভা এবং রাজধানীর দু’টি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ, বম্ব স্কোয়াড এবং দমকল বাহিনী সংশ্লিষ্ট জায়গাগুলিতে তল্লাশি চালালেও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। পরে সেই হুমকিগুলিকেও ভুয়ো বলে ঘোষণা করা হয়েছিল।
অন্যদিকে, ২০২৫ সালের নভেম্বরে লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া গাড়িবোমা বিস্ফোরণের তদন্ত এখনও চলছে। ওই ঘটনায় নিহত ১১ জনের ফরেন্সিক রিপোর্ট সম্প্রতি দিল্লির বিশেষ এনআইএ আদালতে জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। আদালত মামলার অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১৩ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। গত বছরের বিস্ফোরণের স্মৃতি এখনও টাটকা থাকায় নতুন হুমকি ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছিল। যদিও তল্লাশিতে কিছু না মেলায় আপাতত স্বস্তি ফিরেছে। তা সত্ত্বেও গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং দর্শনীয় স্থানগুলির নিরাপত্তায় কোনও শিথিলতা রাখা হচ্ছে না।






