কলকাতারাজ্যের খবর

দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার সারা দিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Truth of Bengal: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।

রবিবার রাত থেকেই কলকাতা ও শহরতলিতে টানা বৃষ্টি শুরু হয়েছে। কখনও বৃষ্টির বেগ বাড়ছে, কখনও কমছে, তবে বৃষ্টি থামার লক্ষণ নেই। লাগাতার বর্ষণের জেরে শহরের বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সারা দিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি রবিবার আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সময় এর অবস্থান ছিল ওড়িশার বালেশ্বর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে। নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

সোমবারের মধ্যে ওড়িশার চান্দবালি এবং দিঘার মধ্যবর্তী অংশ দিয়ে নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করতে পারে। এরপর সেটি আরও উত্তর দিকে সরবে। পরবর্তী ২৪ ঘণ্টায়, অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নিম্নচাপটি ওড়িশা ও ছত্তীসগঢ় সীমান্ত পেরিয়ে যেতে পারে বলে পূর্বাভাস।

রাজ্যে বর্ষা সক্রিয় রয়েছে। বর্ষাকালীন অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বর্ষা এবং নিম্নচাপের জোড়া প্রভাবে দুর্যোগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ৬৫ কিলোমিটারেও পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়া। পাশাপাশি সারা সপ্তাহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টি চলতে পারে।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গেও ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবার ও বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles