আন্তর্জাতিক

হরমুজ প্রণালী পার করলেই দিতে হবে কর, বার্তা ইরানের

তবে যেসব দেশ ইরানের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে বা সংকটকালে পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

Truth of Bengal: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ব্যবহার করে যাতায়াতকারী জাহাজগুলির উপর পরিষেবা কর (সার্ভিস ফি) আরোপের পরিকল্পনার কথা জানাল ইরান। বেজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব শান্তি ফোরামে এ কথা জানিয়েছেন চিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি। তাঁর স্পষ্ট বার্তা, হরমুজ প্রণালী দিয়ে আর বিনামূল্যে জাহাজ চলাচলের সুযোগ থাকবে না। তবে যেসব দেশ ইরানের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে বা সংকটকালে পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

রাষ্ট্রদূত রহমানি জানান, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ওমানের সঙ্গে নতুন কাঠামো গড়ে তোলার বিষয়ে কাজ করছে ইরান। কীভাবে এবং কত পরিমাণ পরিষেবা কর নেওয়া হবে, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও ইরান স্পষ্ট করেছে, হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ কোনওভাবেই শিথিল করা হবে না। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আগেই জানিয়েছিলেন, অন্তত ৩০ দিন এই নিয়ন্ত্রণ বজায় থাকবে। সমঝোতার শর্ত অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হলেও ভবিষ্যতে সেই ব্যবস্থার কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

রাষ্ট্রদূত রহমানির দাবি, হরমুজ প্রণালী ইরানের জলসীমার অংশ। তাই সেখানে পরিষেবা ফি ধার্য করা তাদের ন্যায্য অধিকার। তিনি জানান, এটি কোনও ‘টোল ট্যাক্স’ নয়। বরং জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা, নৌপথে নজরদারি, পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং সংশ্লিষ্ট পরিষেবার ব্যয় বহনের জন্য এই ফি নেওয়া হবে।

তিনি আরও বলেন, যেসব দেশ আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে বা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা চালুর বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সেই বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের তালিকায় ভারত থাকবে কি না। সম্প্রতি পশ্চিম এশিয়ার উত্তেজনার সময় ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে কয়েকটি দেশের জন্য সেই বিধিনিষেধ শিথিল করা হয় এবং ভারতীয় জাহাজগুলিও সেই সুবিধা পেয়েছিল। ফলে নতুন পরিষেবা কর চালু হলে ভারত কিছু ক্ষেত্রে ছাড় পেতে পারে বলেই আন্তর্জাতিক মহলের একাংশের ধারণা। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হিসেবে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। তাই ইরানের এই নতুন পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য, তেল পরিবহণ এবং বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, সেদিকে নজর রয়েছে বিভিন্ন দেশের।

 

Related Articles