“কোথায় দাদা আর কোথায় আমি…” এক প্রোমোতেই ৩ সুপারস্টার! দেবের ভয় কাটাতে ‘দাদাগিরি’র সেটে হাজির কারা?
এই নতুন ভূমিকায় পা রাখার আগে তাঁর মনে একটু ভয়, একটু নার্ভাসনেস কাজ করছে।
Truth of Bengal: ‘দাদাগিরি’ আর সৌরভ গঙ্গোপাধ্যায়—বাংলার দর্শকদের কাছে এতদিন যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ ছিল। কিন্তু এবার সেই চেনা সমীকরণে বড় পরিবর্তন। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র জায়গায় এবার টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’র আসরে দেখা যাবে টলিউড সুপারস্টার দেবকে। গত একমাস ধরেই টলিপাড়ায় গুঞ্জন চলছিল, সৌরভের বদলে এবার ‘দাদাগিরি’র সঞ্চালনার দায়িত্ব নিতে পারেন দেব। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ে গত মঙ্গলবার। নতুন সফর, সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তৈরি করা দীর্ঘদিনের লিগ্যাসি—সব মিলিয়ে দায়িত্বটা যে সহজ নয়, তা নিজেও বুঝেছিলেন দেব। আগেই তিনি জানিয়েছিলেন, এই নতুন ভূমিকায় পা রাখার আগে তাঁর মনে একটু ভয়, একটু নার্ভাসনেস কাজ করছে।

সদ্য প্রকাশ্যে এসেছে ‘দাদাগিরি’র নতুন প্রোমো। আর সেই প্রোমোতেই দেখা গেল জমজমাট চমক। দেবের সঙ্গে হাজির যিশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্ব কাঁধে পড়তেই যেন খানিকটা দোটানায় পড়ে গিয়েছেন দেব। প্রোমোয় তাঁকে বলতে শোনা যায়, “কোথায় দাদা আর কোথায় আমি…”। বাংলার অন্যতম বড় তারকা হয়েও সৌরভের জায়গায় দাঁড়ানোর আগে তাঁর এই সংকোচ নজর কেড়েছে দর্শকদের।

ঠিক তখনই দেবকে সাহস জোগাতে এগিয়ে আসেন যিশু ও আবির। দেবের কাঁধে হাত রেখে যিশু বলেন, “আরে, আমরা পারলে তুই পারবি না?” সঙ্গে সঙ্গে আবিরের সংযোজন, “একদমই তাই, তোমার ময়দানে তুমিও তো দাদা, তাই না?” দুই জনপ্রিয় সঞ্চালকের এমন ভরসা পেতেই কাটে দেবের সংশয়। তারপরই নতুন আত্মবিশ্বাসে ‘দাদাগিরি’র মঞ্চে পা বাড়ান তিনি। সৌরভের লিগ্যাসি, দেবের নতুন চ্যালেঞ্জ আর যিশু-আবিরের বন্ধুত্বপূর্ণ উৎসাহ—সব মিলিয়ে ‘দাদাগিরি’র এই নতুন প্রোমো ঘিরে এখন দর্শকমহলে তুমুল আলোচনা।






