রাজ্য পুলিশ প্রশাসনে রদবদল! আইপিএস-ডব্লিউপিএস মিলিয়ে বদলি ২৩ শীর্ষ আধিকারিক
এই রদবদলের প্রভাব পড়েছে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ শাখায়
Truth of Bengal: রাজ্য পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করল স্বরাষ্ট্র দফতর। আইপিএস এবং ডব্লিউপিএস মিলিয়ে মোট ২৩ জন আধিকারিকের দায়িত্ব বদল করা হয়েছে। শুক্রবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এই রদবদলের প্রভাব পড়েছে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ শাখায়। ডিআইজি, এসপি ও অতিরিক্ত এসপি স্তরেও একাধিক আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংকে উত্তরবঙ্গে গোয়েন্দা দফতরের আইজি হিসেবে পাঠানো হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে রাজ্য পুলিশের আইবি-র ডিআইজি পদে বদলি করা হয়েছে। বদলির জেরে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার এবং ডিসি স্তরেও একাধিক পরিবর্তন এসেছে। পাশাপাশি রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, সিআইডি, এসসিআরবি, সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন জেলার পুলিশ প্রশাসনেও নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিধাননগর পুলিশ কমিশনারেটেও একাধিক পদে পরিবর্তন আনা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আধিকারিকদের নতুন পদে পাঠিয়ে প্রশাসনিক কাঠামোয় পুনর্বিন্যাস করা হয়েছে। একসঙ্গে ২৩ জন আধিকারিকের দায়িত্ব বদলের ফলে রাজ্য পুলিশের শীর্ষ এবং মধ্যম স্তরে উল্লেখযোগ্য পরিবর্তন এল। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দ্রুত সংশ্লিষ্ট পদে দায়িত্ব গ্রহণ করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।


