রাজ্যের খবর

সব্যসাচীর লকার খুলতেই উদ্ধার আরও ৩ কেজি সোনা! রহস্যের কেন্দ্রে কে এই টিনা ভৌমিক সাহা?

কে এই টিনা ভৌমিক সাহা?

Truth of Bengal: সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল। তাঁর ব্যাঙ্ক লকার থেকে আরও প্রায় ৩ কেজি সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই বিপুল পরিমাণ সোনার উৎস কোথায়, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। সব মিলিয়ে সব্যসাচী দত্তের কাছ থেকে এখনও পর্যন্ত প্রায় ৬ কেজি সোনা এবং দেড় কেজি রুপো উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে সব্যসাচী দত্তের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকেও বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। সোমবার গভীর রাতে নদিয়ার করিমপুরের কিশোরপুর এলাকায় টিনার পৈতৃক বাড়িতে হানা দেয় পুলিশ। রাতভর তল্লাশির পর সেখান থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। বর্তমান বাজারদরে যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা।

গত ৮ জুন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত। মঙ্গলবার তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই তাঁকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্ট ও করিমপুর এলাকায় তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। তল্লাশি হয় টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়িতেও। কে এই টিনা ভৌমিক সাহা? তিনি নদিয়া জেলা পরিষদের সদস্য। পাশাপাশি নদিয়া জেলায় তৃণমূলের বঙ্গজননীর সভানেত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন। সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে স্থানীয় এবং রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে। তোলাবাজির একটি মামলায় এর আগেই টিনাকে তলব করেছিল পুলিশ। তবে তিনি হাজিরা এড়িয়ে যান বলে অভিযোগ। এরপরই তাঁর বাড়িতে হানা দেন তদন্তকারীরা।

স্থানীয়দের একাংশের দাবি, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনার আসল মালিক টিনা ভৌমিক সাহা। যদিও এই দাবি কতটা সত্য, তা তদন্ত সাপেক্ষ। পুলিশ এখন সোনার উৎস, মালিকানা এবং সম্ভাব্য আর্থিক লেনদেনের দিকগুলি খতিয়ে দেখছে।টিনাকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। স্থানীয় রাজনৈতিক মহলে তেহট্টের বিধায়ক তাপস সাহার সঙ্গে তাঁর দ্বন্দ্বের কথাও চর্চায় রয়েছে। তাপস সাহার অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গেও টিনার নাম জড়িত। তাঁর দাবি, টিনা ভৌমিক সাহা বেশ কয়েকজনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন।