রাজ্যের খবর

বেকারদের জন্য এবার ‘ভরসা’ যোজনা! প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা

যুবসাথী অতীত, বেকার ভাতার নিয়মে বিরাট বদল আনল নতুন সরকার! কারা পাবেন এই টাকা?

Truth of Bengal: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি এবং নারীদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’র পর, এবার রাজ্যের বেকার যুবক-যুবতী এবং ছাত্রছাত্রীদের জন্য কল্পতরু হল নতুন বিজেপি সরকার। বিধানসভায় প্রথম বাজেট পেশ করে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য তিনি ঘোষণা করলেন এক যুগান্তকারী প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে ‘ভরসা’। এই মেগা প্রকল্পের অধীনে রাজ্যের স্নাতক (গ্র্যাজুয়েট) বেকারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আর যাঁরা স্নাতক নন, তাঁরা প্রতি মাসে পাবেন ২,০০০ টাকা করে।

চলতি বছরের শুরুতে তৎকালীন সরকারের আমলে বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু রাজ্যে ঐতিহাসিক পালাবদলের পর চাকরিপ্রার্থীদের মনে একটা বড় সংশয় তৈরি হয়েছিল যে, নতুন সরকার আসার পর এই বেকার ভাতা কি চিরতরে বন্ধ হয়ে যাবে? আজ অর্থমন্ত্রীর এই মেগা ঘোষণায় সেই সব আশঙ্কায় জল পড়ে গেল। তবে এই ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু সুনির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছে সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, আবেদনকারী বেকার যুবক বা যুবতীর বয়স অবশ্যই ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

পাশাপাশি, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক। এছাড়া, আবেদনকারী যদি ইতিমধ্যেই সরকারের অন্য কোনও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। এই প্রকল্পে আবেদনের সুনির্দিষ্ট পদ্ধতি এবং কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, তা খুব দ্রুত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শুধু বেকার ভাতাই নয়, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা এবং কেরিয়ার গড়ার ক্ষেত্রেও একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, সরকারি এবং সরকারি পোষিত কলেজের পড়ুয়ারা যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন UPSC, WBCS, ব্যাংকিং ইত্যাদি) ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেন, তার জন্য তাঁদের এককালীন ২৫,০০০ টাকার বিশেষ আর্থিক সাহায্য দেওয়া হবে।

এর পাশাপাশি রাজ্যে কর্মসংস্থানমুখী শিক্ষার প্রসারে থ্রি-ডি (3D) অ্যানিমেশন কোর্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে। ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নতির জন্য রাজ্যে গড়ে তোলা হবে একটি অত্যাধুনিক ‘স্পোর্টস ইউনিভার্সিটি’ বা ক্রীড়া বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে জঙ্গলমহলের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার আলো দেখাতে ঝাড়গ্রামে একটি নতুন ‘আদিবাসী বিশ্ববিদ্যালয়’ তৈরির ঐতিহাসিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নতুন সরকারের এই ছাত্র ও যুববান্ধব বাজেট স্বাভাবিকভাবেই রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন আশার আলো সঞ্চার করল।

Related Articles