বাজেটে বড় ঘোষণা হতে পারে DA নিয়ে? আশায় বুক বেঁধে সরকারি কর্মীরা
মুখ্যমন্ত্রীর প্রতি পুরো ভরসা আছে! ৪২% বকেয়া ডিএ নিয়ে বাজেট পেশের ঠিক আগে বড় বয়ান ভাস্কর ঘোষের
Truth of Bengal: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাজ্য বিধানসভায় আজ সোমবার নিজেদের প্রথম ঐতিহাসিক বাজেট পেশ করতে চলেছে নতুন বিজেপি সরকার। সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ রাসবিহারীর বাসভবন থেকে বাজেট ব্রিফকেস হাতে বিধানসভার উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটকে ঘিরে এই মুহূর্তে সবচেয়ে বেশি পারদ চড়ছে সরকারি কর্মচারীদের ডিএ (DA) বা মহার্ঘভাতা নিয়ে। বকেয়া ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে অর্থমন্ত্রী আজ বড় কোনো ঘোষণা করতে চলেছেন কি না, সেই আশায় বুক বাঁধছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী।
বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ২২ শতাংশ হারে মহার্ঘভাতা পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন ৫৮ শতাংশ। অর্থাৎ, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-র ফারাক এখনও ৩৬ শতাংশের বিশাল ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। এই চরম আর্থিক অসন্তোষের মাঝেই অর্থমন্ত্রীর বাজেটের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন কর্মীরা। এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ অত্যন্ত আশাবাদী সুরে বলেন, “আমাদের ৪২ শতাংশ ডিএ বকেয়া রয়েছে, যার সিংহভাগ মিটিয়ে দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল। নতুন মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের পূর্ণ ভরসা আছে। আশা করি তিনি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন। বাংলার কর্মীরা যাতে ভবিষ্যতে AICPI (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স) অনুযায়ী ডিএ পান, তার জন্য এই বকেয়া দ্রুত মেটানো দরকার। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই ডিএ বকেয়া থাকার ক্ষোভ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বড় ইস্যু হয়ে উঠেছিল। ভোটের প্রচারমঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে, যার ফলে আমূল বদলে যাবে কর্মচারীদের বেতন পরিকাঠামো।
গত ৪ মে ঐতিহাসিক নির্বাচনী ফলাফলের পর বঙ্গে নজিরবিহীন রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। এরপর গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। মসনদে বসার পর থেকেই প্রতিশ্রুতি পূরণে মরিয়া মুখ্যমন্ত্রী কার্যভার গ্রহণের মাত্র ৯ দিনের মাথায় মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই সপ্তম পে কমিশনে নীতিগত সায় দেন। এবার দেখার, আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর প্রথম রাজ্য বাজেটে কর্মচারীদের এই দীর্ঘদিনের ডিএ প্রত্যাশা পুরোপুরি পূরণ হয় কি না।






