চালু হল বহরমপুর–আজিমগঞ্জ মেমু পরিষেবা, স্বস্তিতে নিত্যযাত্রীরা
রেল সূত্রে জানা গিয়েছে, আগে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত চলাচলকারী তিনটি মেমু ট্রেনের পরিষেবা এবার বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।
Truth of Bengal: কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গ দিবসের দিনেই মুর্শিদাবাদের রেল যোগাযোগে যুক্ত হল নতুন অধ্যায়। শনিবার বহরমপুর কোর্ট স্টেশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত মেমু ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হল। এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি নিত্যযাত্রী, পড়ুয়া ও সাধারণ মানুষ। বহরমপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে নতুন পরিষেবার সূচনা করেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এবং শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা।
রেল সূত্রে জানা গিয়েছে, আগে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত চলাচলকারী তিনটি মেমু ট্রেনের পরিষেবা এবার বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। ফলে এখন থেকে সরাসরি লোকাল ট্রেনে বহরমপুর ও আজিমগঞ্জের মধ্যে যাতায়াত করা যাবে। বিধায়ক সুব্রত মৈত্র জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল বহরমপুর থেকে আজিমগঞ্জ পর্যন্ত সরাসরি লোকাল ট্রেন পরিষেবার। নতুন এই পরিষেবার ফলে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী এবং কর্মজীবী মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। পাশাপাশি কবিগুরু এক্সপ্রেস-সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেন ধরতেও সুবিধা হবে যাত্রীদের।
মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর উপর নশিপুর রেল সেতু নির্মাণের ফলে আজিমগঞ্জ ও বহরমপুর কোর্ট স্টেশনের মধ্যে সরাসরি রেল সংযোগ সম্ভব হয়েছে। এতদিন বহরমপুর থেকে আজিমগঞ্জ যেতে যাত্রীদের খাগড়াঘাট হয়ে ট্রেন ধরতে অথবা বাস, অটো ও নৌকার সাহায্যে যাত্রা করতে হত। নতুন পরিষেবা চালু হওয়ায় সময় ও খরচ— দুটোই কমবে বলে মনে করছেন যাত্রীরা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিনে তিন দফায় বহরমপুর কোর্ট ও আজিমগঞ্জের মধ্যে মেমু ট্রেন চলাচল করবে। এর ফলে জেলার অভ্যন্তরীণ যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং সাধারণ যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। নতুন এই পরিষেবা চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। তাঁদের মতে, বহরমপুর থেকে আজিমগঞ্জ হয়ে রামপুরহাট, বোলপুর, বর্ধমান কিংবা হাওড়াগামী ট্রেন ধরতে এখন অনেকটাই সুবিধা হবে। ফলে জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।






