কলকাতা

পুরসভা থেকে মহাকরণ ম্যারাথন শুভেন্দুর! রাজপথে ট্র্যাক স্যুট পরে দৌড়লেন খোদ মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ দিবস ও যোগা মিলিয়ে মেগা ধামাকা! মহাকরণের সামনে যোগাসনে বসে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

Truth of Bengal: আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে এবার নজিরবিহীন সাজে সেজে উঠছে তিলোত্তমা কলকাতা। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর এই প্রথম এত বড় স্তরে যোগ দিবস পালনের তিনদিনব্যাপী মেগা কর্মসূচি শুরু হয়ে গেল। শুক্রবার সকালে কলকাতার ১১টি গুরুত্বপূর্ণ জায়গা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় বিশেষ ম্যারাথন, যার নাম দেওয়া হয়েছে ‘রান ফর যোগা’। কলকাতা কর্পোরেশনের সামনে থেকে শুরু হওয়া এই বিশেষ ম্যারাথনে আজ অংশ নেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পায়ে স্পোর্টস শু আর ট্র্যাকস্যুট পরে মুখ্যমন্ত্রীর এই দৌড় দেখার জন্য সাতসকালেই রাজপথে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ।

ম্যারাথনে লিয়েন্ডার, মহাকরণের সামনে যোগাসন

এদিন সকাল সাড়ে ৬টায় কর্পোরেশনের সামনে ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে এই দৌড়ে পা মেলান আন্তর্জাতিক টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes), বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ এবং রাজ্যের মুখ্যসচিব ও মন্ত্রীরা। কর্পোরেশন থেকে শুরু হয়ে এই ম্যারাথন শেষ হয় মহাকরণের সামনে। সেখানে তৈরি বিশেষ মঞ্চে বহু মানুষের সঙ্গে নিজে যোগাসনে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, ক্ষমতা দখলের পর থেকেই মুখ্যমন্ত্রী ‘স্বচ্ছ ভারত’ অভিযানের ওপর জোর দিয়েছেন। কয়েকদিন আগে নিজে হাতে গঙ্গাঘাট পরিষ্কার করার পর, এদিনের কর্মসূচিতেও আলপনা দিয়ে শহর পরিষ্কার রাখার এক অভিনব সামাজিক বার্তা দেওয়া হয়।

২০ জুন পশ্চিমবঙ্গ দিবস: ৩ হাজার ড্রোনের চমক!

আগামীকাল, ২০ জুন শনিবার সাড়ম্বরে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। এই উপলক্ষে শনিবার বিকেল সাড়ে ৫টায় গঙ্গা বক্ষে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এক অবিশ্বাস্য পরিবেশ তৈরি করা হবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বন্দে যোগম’। সরকার সূত্রে খবর, শনিবার সন্ধ্যার পর কলকাতার আকাশ রাঙিয়ে তুলবে ৩ হাজার অত্যাধুনিক ড্রোন! ড্রোনের আলো আর লেজার শো-এর এই যুগলবন্দি কলকাতার ইতিহাসে এর আগে কখনও দেখা যায়নি।

২১ জুন রেড রোডে হাজির থাকছেন প্রধানমন্ত্রী মোদি

তিনদিনের এই মেগা উদযাপনের মূল আকর্ষণ থাকছে আগামী ২১ জুন, রবিবার। সেদিন সকাল সোনে ৬টায় রেড রোডে শুরু হবে আন্তর্জাতিক যোগ দিবসের মূল পর্ব। যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব এক ঐতিহাসিক কলকাতায় আমরা স্বাগত জানাতে চলেছি। তাই আমার অনুরোধ, প্রধানমন্ত্রীর আগমনের আগে যার যার নিজের এলাকা সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলুন।”

Related Articles