কলকাতা

ভুয়ো পোস্টে মানহানির অভিযোগ, পুলিশের দ্বারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস’ নামে একটি ফেসবুক পেজ

Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট ছড়ানোর অভিযোগে এবার পুলিশের দ্বারস্থ হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেসবুকের একাধিক পেজ থেকে তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এই ধরনের পোস্ট তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানি করছে বলেও দাবি করেছেন সৌরভ। সোমবার ঠাকুরপুকুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস’ নামে একটি ফেসবুক পেজ। জানা গিয়েছে, ওই পেজের ফলোয়ার সংখ্যা প্রায় ৩৫ লক্ষ। পাশাপাশি ‘স্পোর্টজউইকি’ নামে আরও একটি পেজের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। নেটিজেনদের একাংশের দাবি, ওই পেজগুলির একটিতে ‘সৌরভের বাড়িতে ইডি হানা’ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছিল। যদিও অভিযোগ দায়েরের পর ওই পোস্টটি আর কোনও পেজেই দেখা যাচ্ছে না।

Dropping Kumble, not scoring many centuries: Ganguly lists out biggest  regrets

পুলিশকে দেওয়া অভিযোগপত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস’ নামের পেজটি নিয়মিত এমন কিছু পোস্ট শেয়ার করছে, যা তাঁর সম্মানহানি করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, এই ধরনের পোস্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তাঁর নেতিবাচক ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সৌরভের বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনি দেশের হয়ে খেলেছেন, জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন এবং বিশ্বজুড়ে বহু মানুষ তাঁকে অনুসরণ করেন। একজন পরিচিত জনব্যক্তিত্ব হিসেবে মতামত ও সমালোচনা তিনি স্বাভাবিকভাবেই গ্রহণ করেন। কিন্তু ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সম্মানহানি করার চেষ্টা আইনের চোখে গ্রহণযোগ্য নয়। অভিযোগপত্রে সৌরভ আরও উল্লেখ করেছেন, এই ধরনের ভুয়ো প্রচার তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তাই সংশ্লিষ্ট পেজগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগের সঙ্গে ওই দুই ফেসবুক পেজের বিস্তারিত তথ্যও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Former India skipper Sourav Ganguly takes first coaching job at Pretoria  Capitals - DD India

উল্লেখ্য, সম্প্রতি আরও একটি ভুয়ো খবর নিয়ে সরব হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিকল্পনা সংক্রান্ত বার্তা নাকি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের কাছে পৌঁছে দিয়েছেন সৌরভ। সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিবৃতি দিয়ে জানিয়ে দেন প্রাক্তন ভারত অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ও বিভ্রান্তিকর প্রচারের প্রবণতা নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো এক জন পরিচিত ব্যক্তিত্ব সরাসরি পুলিশের দ্বারস্থ হওয়ায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেল। পুলিশ অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর।

Related Articles