রাজ্যের খবর

বিদ্রোগী শিবিরে নাম লেখাতেই ছাঁটাই মালা রায়! মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী আলিফা

এনডিএ-তে সই করতেই মমতার চরম কোপ! পদ খোয়ালেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়

Truth of Bengal: বিধানসভা নির্বাচনে বাংলায় জোড়াফুল শিবিরের ঐতিহাসিক ভরাডুবির পর থেকেই দলে বিদ্রোহ ও ভাঙন একেবারে চরমে উঠেছে। আর এই ডামাডোলের মাঝেই এবার দলের দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক তথা দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের (Mala Roy) বিরুদ্ধে নজিরবিহীন কড়া অ্যাকশন নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লাকে দেওয়া ‘বিদ্রোহী’ সাংসদদের সেই গোপন চিঠিতে সই করার অপরাধে শুক্রবার মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ থেকে এক লহমায় সরিয়ে দেওয়া হল মালাকে। তাঁর জায়গায় দলের মহিলা সংগঠনের সম্পূর্ণ রাশ এবার তুলে দেওয়া হয়েছে নদিয়ার কালীগঞ্জের লড়াকু বিধায়ক আলিফা আহমেদের (Alipha Ahmed) হাতে। শুক্রবার দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য চিঠি পাঠিয়ে এই নতুন নিয়োগের কথা নিশ্চিত করেছেন।

এনডিএ-তে সইয়ের পরেই মহাকোপ, যদিও আগেই ইস্তফা মালার!

উল্লেখ্য, ছাব্বিশের ভোটে হারের পর সংগঠনে বড়ো রদবদলের পথে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মহিলা সংগঠনের মূল দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্যের থেকে সরিয়ে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে দেওয়া হয়েছিল। কিন্তু পদ পাওয়ার কিছুদিনের মধ্যেই নাটকীয়ভাবে সুর বদলান মালা। দিল্লিতে এনডিএ (NDA) জোটে যোগ দেওয়ার জন্য ডঃ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে ১৯ জন সাংসদের সই করা তালিকা শুক্রবার সকালে প্রকাশ্যে এসেছে, সেখানে মালা রায়ের সই স্পষ্ট দেখা গিয়েছে।

নথিপত্র প্রকাশ্যে আসতেই শুক্রবার বিকেলেই মালা রায়কে পদ থেকে ছেঁটে ফেলে দল। যদিও তৃণমূলের একটি সূত্রের দাবি, চিঠি ফাঁসের আগেই গত ৮ জুন মালা রায় নিজেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন।

মহুয়ার জেলায় খুশির হাওয়া, আলিফার বড় প্রাপ্তি

মালা রায়কে সরানোর পর মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে নদিয়ার কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদকে। ২০২৪-এর উপনির্বাচনে বিপুল ভোটে জেতার পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও দল তাঁর ওপর ভরসা রেখেছিল এবং কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের আসন ধরে রেখেছেন আলিফা। তারই বড় পুরস্কার হিসেবে এবার তাঁকে রাজ্য স্তরের মেগা দায়িত্ব দেওয়া হলো। আলিফার এই নতুন পদপ্রাপ্তির কথা সোশাল মিডিয়ায় প্রথম শেয়ার করে শুভেচ্ছা জানান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

নতুন দায়িত্ব পাওয়ার পরেই একটি আবেগঘন ভিডিও বার্তা দিয়েছেন আলিফা আহমেদ। সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “কালীগঞ্জের মানুষের আশীর্বাদ ছাড়া এই সাফল্য আসত না। এবার আমি নিজের এলাকার পাশাপাশি গোটা রাজ্যের মা-বোনেদের জন্য কাজ করতে পারব।” একইসঙ্গে দলের বর্তমান সংকট ও সাংসদদের দলবদল নিয়ে পরোক্ষে ইঙ্গিত করে আলিফা বলেন, “দলের এমন একটা কঠিন সময় চলছে, আসুন আমরা সবাই ব্যক্তিগত স্বার্থ ভুলে এক হয়ে নেত্রীর হাত শক্ত করি।” ভাঙনের আবহে নদিয়ার এই তরুণী নেত্রীকে সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ভোটারদের মন জয় করতে পারেন কিনা, এখন সেটাই দেখার।

Related Articles