রাজ্যের খবর

বালুরঘাটে বিমান পরিষেবা চালুতে তৎপর সুকান্ত, অসামরিক বিমানমন্ত্রীর সঙ্গে বৈঠক

দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, বিমান পরিষেবা চালু এবং বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের দাবি উঠছিল

Truth of Bengal: বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু করতে এবার নতুন করে উদ্যোগী হলেন সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। সোমবার এই বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বালুরঘাট বিমানবন্দরকে কার্যকরী করা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিমান পরিষেবা চালুর বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন সুকান্ত। দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, বিমান পরিষেবা চালু এবং বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের দাবি উঠছিল। বিধানসভা নির্বাচনের আগে জেলার উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সরকার গঠনের পর সেই দাবিগুলি বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যেতে তিনি একাধিক পদক্ষেপ করছেন বলে দাবি তাঁর ঘনিষ্ঠ মহলের।

এর আগে দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন সুকান্ত। রেল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের দাবিতেও তিনি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন স্তরে আলোচনা চালাচ্ছেন। এবার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ দাবি বালুরঘাটে বিমান পরিষেবা চালুর বিষয়েও কেন্দ্রের দরবারে সরব হলেন তিনি। বৈঠকের পর সুকান্ত মজুমদার জানান, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সামনে বালুরঘাট বিমানবন্দরকে কার্যকরী করার জন্য প্রয়োজনীয় সব বিষয় তুলে ধরা হয়েছে। তাঁর দাবি, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকেও সহযোগিতার আশ্বাস মিলেছে। এতদিন বালুরঘাট বিমানবন্দর রাজ্য সরকারের অধীনে ছিল। এখন সেটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

কীভাবে বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু করা যায়, তা খতিয়ে দেখছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। সুকান্তের দাবি, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। ফলে দীর্ঘদিনের দাবি পূরণের আশায় নতুন করে আশাবাদী দক্ষিণ দিনাজপুরের মানুষ। প্রসঙ্গত, বালুরঘাটের মাহিনগর এলাকায় রয়েছে বিমানবন্দর। প্রায় ৫০ একর জমির উপর অবস্থিত এই বিমানবন্দর থেকে শেষবার বিমান চলাচল করেছিল আশির দশকে। পরে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ২০১৬ সালের শুরুতে বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছিল পূর্ত দপ্তর। এবার কেন্দ্রীয় স্তরে নতুন উদ্যোগের ফলে বালুরঘাট বিমানবন্দর ফের চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Related Articles