কলকাতা

কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে তদন্তে আর রাজ্যের অনুমতি নয়, নির্দেশিকায় বড় বদল

নবান্নের অনুমতি প্রয়োজন হত। এবার সেই নিয়মে আংশিক বদল আনল রাজ্য

Truth of Bengal: কেন্দ্রীয় সরকারি আমলা বা কর্মীদের বিরুদ্ধে তদন্ত চালাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে আর রাজ্যের আগাম অনুমতি নিতে হবে না। তবে রাজ্য সরকারের কোনও কর্মী বা আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হলে সিবিআইকে রাজ্যের কাছ থেকে আগাম লিখিত অনুমতি নিতে হবে। সোমবার এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করে বিষয়টি স্পষ্ট করল রাজ্য সরকার। নির্দেশিকায় জানানো হয়েছে, কোন ধরনের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সরাসরি তদন্ত করতে পারবে এবং কোন ক্ষেত্রে রাজ্যের সম্মতি বাধ্যতামূলক হবে। বিগত সরকারের আমলে কেন্দ্রীয় বা রাজ্য—যে কোনও আমলা বা সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে নবান্নের অনুমতি প্রয়োজন হত। এবার সেই নিয়মে আংশিক বদল আনল রাজ্য।

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় আমলা ও আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র দেয়নি আগের সরকার। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, সমবায় সমিতির তহবিল তছরূপ-সহ আদালতের নির্দেশে দায়ের হওয়া বিভিন্ন মামলায় অভিযুক্ত অফিসার ও আমলাদের বিরুদ্ধে তদন্তে রাজ্য ছাড়পত্র দেবে। সেই প্রেক্ষিতেই স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের ইন্টারনাল সিকিওরিটি ব্রাঞ্চ সোমবার নতুন নির্দেশিকা প্রকাশ করে। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য কোন শর্তে অনুমতি দেবে, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মী, কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে যুক্ত অভিযোগ বা অপরাধের তদন্ত সরাসরি করতে পারবে সিবিআই। এমনকি, কোনও মামলায় যদি কেন্দ্রীয় কর্মী বা কেন্দ্রীয় সংস্থার যোগ থাকে, তবে সেই মামলায় জড়িত বেসরকারি ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত চালানোর এক্তিয়ার থাকবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে রাজ্য সরকারের কোনও কর্মী, আধিকারিক বা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে হলে সিবিআইকে রাজ্যের আগাম অনুমতি নিতে হবে। অর্থাৎ, এই ধরনের ক্ষেত্রে রাজ্যের লিখিত সম্মতি বাধ্যতামূলক থাকবে। দিল্লি স্পেশ্যাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইন, ১৯৪৬-এর ৬ নম্বর ধারা অনুযায়ী রাজ্যে সিবিআই তদন্তের ক্ষেত্রে সম্মতির বিষয়টি নির্ধারিত হয়। সেই আইনের ভিত্তিতেই এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশিকায় জানিয়েছে রাজ্য সরকার।

Related Articles