দীর্ঘ সময় ধরে অফিসে বসে বসে কাজ, পায়ের ব্যথায় জেরবার? আইআইটির পড়ুয়ারা বানাল উপশমের স্মার্ট যন্ত্র
এই যন্ত্রর সাহায্যে পায়ের ও পায়ের পাতার ম্যাসাজ হবে, রক্ত চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হবে
Truth of Bengal: গোটা বিশ্বে এখন ‘সিটিং এপিডেমিক’ শুরু হয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে একটানা অফিসে বসে বসে কাজ করে পায়ের ও হাঁটুর যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, পায়ের পাতা, কোমরের ব্যথায় কাবু আট থেকে আশি সকলেই। যন্ত্রণা থেকে উপশম দিতে মধ্য প্রদেশের জবলপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের অধ্যাপক অবিনাশ রবিরাজের নেতৃত্বে একদল গবেষক স্মার্ট এরগোনমিক ফুটরেস্ট নামক অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র তৈরি করেছেন। এই যন্ত্রর সাহায্যে পায়ের ও পায়ের পাতার ম্যাসাজ হবে, রক্ত চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হবে।
গবেষকরা থ্রি ডি প্রিন্ট প্রযুক্তির সাহায্যে তৈরি করেছেন এমন যন্ত্র যাতে থাকবে সিক্স ফোর্স সেন্সিং রেজিজটর। এর মাধ্যমে এই যন্ত্রে পা রাখলেই বোঝা যাবে ব্যবহারকারী কী রকম ভাবে বসেছেন, শরীরের কোন জায়গায় প্রেসার বা চাপ বেশি পড়ছে। ৬টি লিনিয়ার রেজোন্যান্ট অ্যাকচুয়েটর ভাইব্রেশন তৈরি করে পায়ের পেশিতে রক্ত সঞ্চালন বাড়াবে। যন্ত্রে থাকা সেন্সর তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে।
জবলপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের অধ্যাপক অবিনাশ রবিরাজ জানান প্রোটোটাইপ তৈরি করতে ২৫-৩০ হাজার টাকা করে খরচ হয়েছে। বাণিজ্যিক উৎপাদন শুরু হলে খরচ কমে আসবে ৫ হাজারের মধ্যে।

