বিশ্বকাপের আগে ইংল্যান্ড বধ ‘উইমেন ইন ব্লু’-র! জেমিমার ঝোড়ো ইনিংসে এল দুরন্ত জয়
দুই ওপেনারের ব্যর্থতায় চাপে পড়ে যায় দল
Truth of Bengal: বিশ্বকাপের মঞ্চে নামার আগে দারুণ বার্তা দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মাত্র পনেরো দিন পর শুরু হতে চলা মহিলাদের টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি সিরিজের প্রথম ম্যাচেই জয়ের হাসি হাসল উইমেন ইন ব্লু। আর এই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন জেমিমা রডরিগেজ, যাঁর ঝোড়ো হাফসেঞ্চুরি ম্যাচের রঙই বদলে দেয়। ইংল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত কৌর না থাকায় দায়িত্ব পান স্মৃতি মন্ধানা। তবে টস হেরে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায়। প্রথম বলেই আউট হন স্মৃতি। এরপর শেফালি ভার্মাও দ্রুত ফিরে যান সাজঘরে। দুই ওপেনারের ব্যর্থতায় চাপে পড়ে যায় দল।
সেই কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন জেমিমা রডরিগেজ এবং যস্তিকা ভাটিয়া। তাঁদের ১২৬ রানের পার্টনারশিপ হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। জেমিমা খেলেন ৪০ বলে ৬৯ রানের সাহসী ইনিংস, যস্তিকা করেন ৫৪ রান। এই জুটি ভারতকে এনে দেয় লড়াই করার মতো শক্ত স্কোর। শেষে দীপ্তি শর্মার দ্রুত ২২ রানের ইনিংসে ভারত পৌঁছে যায় ১৮৮ রানে। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। পাওয়ার প্লেতেই ফিরে যান দুই ওপেনার। যদিও এমি জোনস ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেন, কিন্তু অন্য প্রান্ত থেকে সঙ্গ না মেলায় চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত ১৫০ রানে থেমে যায় ইংল্যান্ড।
ভারতের বোলিংয়ে উজ্জ্বল নাম নন্দিনী শর্মা। আন্তর্জাতিক টি-২০ অভিষেকেই তিন উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। পাশাপাশি ক্রান্তি গৌড়ও নেন দু’টি উইকেট, যা ম্যাচের ভাগ্য আরও দ্রুত ভারতের দিকে ঘুরিয়ে দেয়। ভারতীয় মহিলা দল ইতিমধ্যেই ওয়ানডে বিশ্বকাপ জিতেছে, তবে টি-২০ বিশ্বকাপ এখনও অধরা। সেই শূন্যতা পূরণের লক্ষ্য নিয়েই এবার নামছে দল। ম্যাচের পর জেমিমা আবেগ নিয়ে বলেন, কপিল দেব যেমন লর্ডসে ভারতের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন, তেমনই তাঁরা চান লর্ডসেই ভারতের মেয়েদের প্রথম টি-২০ বিশ্বকাপ জিততে। আগামী ১৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এই জয়ের পর দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে, আর সমর্থকদের চোখে নতুন করে জ্বলছে স্বপ্ন।






