খেলা

বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকলেও, বিগ ব্যাশের প্রথম ম্যাচে ব্যর্থ জেমাইমা

ব্রিসবেন হিটের হয়ে অভিষেক ম্যাচে অবশ্য নজর কাড়তে ব্যর্থ হলেন জেমাইমা।

Truth Of Bengal: মাত্র হাতে গোণা কয়েকটা দিন হয়েছে, দেশের হয়ে মহিলা বিশ্বকাপে ভারতীয় দল ট্রফি জয় করেছে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন জেমাইমা রডরিগেজ। বিশ্বকাপে ট্রফি জয়ের পরই অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট লিগ বিগ ব্যাশ খেলতে ক্যাঙারুদের দেশে পাড়ি দিয়ে প্রথম ম্যাচে মাঠেও নেমেছিলেন জেমাইমা। ব্রিসবেন হিটের হয়ে অভিষেক ম্যাচে অবশ্য নজর কাড়তে ব্যর্থ হলেন জেমাইমা।

রবিবার জেমাইমাদের প্রতিপক্ষ ছিল মেলবোর্নের রেনেগেডস। ওই ম্যাচে তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমেছিলেন জেমাইমা। কিন্তু তাঁর ব্যাট থেকে মাত্র ৬ রান করেই প্যাভেলিয়নে ফিরতে হল টিম ইন্ডিয়ার প্রমীলা ব্রিগেডের অন্যতম হিরোকে। জেমাইমা পরাস্ত করেন অ্যালিস ক্যাপসি। তাঁর ব্যাট থেকে এসেছে ৪০ রানের ইনিংস। ক্লার্কের এই ইনিংস সাজানো ছিল ৫টি চার ও একটি ছয়ের মাধ্যমে। শেষ পর্যন্ত জেমাইমাদের ইনিংস শেষ হয় ১৩৩ রানে।

প্রসঙ্গত, গত বছর নিজের দলের হয়ে বিগ ব্যাশে দুরন্ত ছন্দে ছিলেন জেমাইমা। এমনকি দলের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি। ১০টি ম্যাচে তাঁর রান ছিল ২৬৭। তাই তাঁকে এবারও দলে রেখে দিয়েছিলেন দলের কর্তারা।

এদিকে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেমাইমা মজা করে বলেছিলেন, ‘বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুরন্ত ম্যাচ খেলে তাঁদের ছিটকে দেওয়ার পর আমার মনে হয়েছিল এবার বুঝি আর অস্ট্রেলিয়ার মাটিতে আমাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। কিন্তু ভাগ্য ভাল যে আমাকে সেইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি।’