কলকাতা

অভিষেকের ‘শান্তিনিকেতনে’ আচমকা হানা পুলিশের, বেআইনি নির্মাণ বিতর্কের মাঝেই তুঙ্গে জল্পনা

সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় কলকাতা পুলিশের পৌঁছে যাওয়া ঘিরে জল্পনা আরও বাড়ে

Truth of Bengal: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি ও বাড়ির অতিরিক্ত নির্মাণ সংক্রান্ত নোটিস ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হল। কলকাতা পুরসভার তরফে তাঁর একাধিক ঠিকানায় নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসে উল্লেখিত সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সোমবার। তবে তার আগেই পুরসভার কাছে জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতা পুরসভা আরও ১০ দিনের সময়সীমা বাড়িয়েছে।

জানা গিয়েছে, গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের ঠিকানায় কলকাতা পুরসভার নোটিস পৌঁছয়। ওই নোটিসে জানতে চাওয়া হয়, বাড়িতে কোনও অতিরিক্ত নির্মাণ হয়ে থাকলে তার জন্য পুরসভার অনুমোদন নেওয়া হয়েছিল কি না। পাশাপাশি, ‘শান্তিনিকেতন’ নামের সম্পত্তির বেআইনি অংশ ভাঙার নির্দেশও পুরসভার তরফে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই আবহেই সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় কলকাতা পুলিশের পৌঁছে যাওয়া ঘিরে জল্পনা আরও বাড়ে। পুরসভার নজরে অভিষেকের ১৭টি সম্পত্তি রয়েছে বলেও সূত্রের দাবি। যদিও এ বিষয়ে সরকারি ভাবে বিস্তারিত ব্যাখ্যা এখনও স্পষ্ট নয়।

এর আগে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বৈঠক শেষে বেরোনোর সময় নোটিস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন অভিষেক। প্রথমে তিনি কোনও উত্তর না দিলেও পরে গাড়ির কাঁচ নামিয়ে কড়া সুরে বলেন, “নির্দিষ্ট করে জেনে আসুন বাড়ির কোন অংশটা অবৈধ। তারপর আমাকে প্রশ্ন করুন, উত্তর দেব।” তাঁর সেই প্রতিক্রিয়া নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল। তবে শেষপর্যন্ত পুরসভার কাছে জবাব দেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভাও সেই আবেদন মঞ্জুর করে ১০ দিন সময় বাড়িয়েছে। ফলে আপাতত এই নোটিস ঘিরে পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের।

Related Articles