কলকাতা

আরজি কর মামলায় নয়া মোড়, ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআইকে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

এর আগে এই মামলার শুনানিতে কেস ডায়েরি, অডিও-ভিডিও ক্লিপ ও ফোটোগ্রাফ সহ সমস্ত প্রাসঙ্গিক নথি তলব করেছিল হাই কোর্ট।

Truth of Bengal: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের দাবিগুলি খতিয়ে দেখতে এবার সিবিআই-কে পুনরায় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এই তদন্তের জন্য সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ, এই তদন্তকারী দলকে আবারও ঘটনাস্থলে যেতে হবে এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে হবে। এছাড়া মামলার সমস্ত তথ্য ও নথি নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়ে হাই কোর্ট জানিয়েছে, অপরাধের ধরন এবং সামাজিক পরিতৃপ্তির কথা বিবেচনা করেই এই পদক্ষেপ করা হচ্ছে। আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানিতে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে সিবিআই-কে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।

এর আগে এই মামলার শুনানিতে কেস ডায়েরি, অডিও-ভিডিও ক্লিপ ও ফোটোগ্রাফ সহ সমস্ত প্রাসঙ্গিক নথি তলব করেছিল হাই কোর্ট। শুনানির সময় ঘটনাস্থলের নিরাপত্তা নিয়ে সিবিআই-কে তীব্র ভর্ৎসনা করে আদালত প্রশ্ন তোলে, তদন্ত পুরোপুরি শেষ না হওয়া সত্ত্বেও কীভাবে সেখানে সাধারণ লোকজন যাতায়াত করছে? সেমিনার রুম সহ আরজি করের যে যে অংশগুলি এখনও সুরক্ষিত রাখা প্রয়োজন, সেগুলি অবিলম্বে ‘সিল’ করার নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তকারী অফিসারকে সমস্ত নথিপত্র সহ আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্ট মাসে আরজি কর হাসপাতালে ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। সেই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ্যেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। তবে সিবিআই-এর তদন্ত প্রক্রিয়ায় বেশ কিছু খামতি ও অসঙ্গতি রয়েছে দাবি করে পুনরায় আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। একের পর এক বেঞ্চ সরে দাঁড়ানোর পর, প্রধান বিচারপতির নির্দেশে অবশেষে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নতুন ডিভিশন বেঞ্চে এই সংবেদনশীল মামলার শুনানি শুরু হয়েছে, যা আরজি কর কাণ্ডে নতুন করে আইনি তৎপরতা বাড়িয়ে দিল।

Related Articles