বিদ্যাসাগর হাসপাতালের এ কী হাল! দেখে তাজ্জব বিজেপির বিধায়ক ইন্দ্রনীল খাঁ
বেহালার হাসপাতালে ইন্দ্রনীল খাঁর ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ফাইল খুলে এমএসভিপি-কে চরম হুঁশিয়ারি বিধায়কের
Truth of Bengal: নতুন সরকারের জমানায় বাংলার সরকারি হাসপাতালগুলির হাল ফেরাতে নজিরবিহীন তৎপরতা। এসএসকেএম (SSKM) হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর, এবার কলকাতার অন্যতম ব্যস্ত বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গেলেন বেহালা পশ্চিমের নবনিযুক্ত বিজেপি বিধায়ক ড. ইন্দ্রনীল খাঁ। রবিবার সকালে হাসপাতালে পৌঁছেই চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং পরিকাঠামো খতিয়ে দেখে ক্ষোভ উগরে দেন তিনি।
“হৃদরোগের চিকিৎসা নেই, কেন?”
হাসপাতালের এমএসভিপির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ইন্দ্রনীল খাঁ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘রেফার’ সংস্কৃতির তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “বিদ্যাসাগর হাসপাতালে হৃদরোগের নূন্যতম চিকিৎসার ব্যবস্থা নেই কেন? কোনও পথদুর্ঘটনায় আহত রোগী এলে তাঁকে প্রাথমিক চিকিৎসার পরেই কলকাতার অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে। এই মানসিকতা আর বরদাস্ত করা হবে না।” তিনি স্পষ্ট জানান, নতুন বিজেপি সরকারের কাছে স্বাস্থ্য এবং শিক্ষাই হবে মূল অগ্রাধিকার।
সিন্ডিকেট দমনে পুলিশকে কড়া নির্দেশ
হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সেখানকার নিরাপত্তা ও বেআইনি কাজকর্ম নিয়েও কড়া অবস্থান নিয়েছেন বিধায়ক। বিদ্যাসাগর হাসপাতালের ভেতরে ও বাইরে দীর্ঘদিন ধরে গজিয়ে ওঠা দালাল চক্র ও সিন্ডিকেট রাজ অবিলম্বে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে অন স্পট নির্দেশ দেন ইন্দ্রনীল খাঁ। সরকারি হাসপাতাল চত্বরে রোগীদের পরিবারকে হেনস্থা করা হলে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মাঝরাতে আরজি করে স্বাস্থ্যসচিব
উল্লেখ্য, নতুন সরকারের এই স্বাস্থ্য অভিযানের অংশ হিসেবে শনিবার গভীর রাতে আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ-সহ শহরের একাধিক বড় সরকারি হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। মধ্যরাতেই তিনি হাসপাতালের শীর্ষ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক সারেন। নবান্নের এই অল-আউট অ্যাকশন দেখে ওয়াকিবহাল মহলের মত, স্বাস্থ্য ক্ষেত্রে আমূল সংস্কার এনে আমজনতার ক্ষোভ প্রশমন করাই এখন শুভেন্দু সরকারের প্রথম লক্ষ্য।


