দেশ

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি, হবে ছোট অস্ত্রোপচার

চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত তৃতীয়বার হাসপাতালে যেতে হল তাঁকে।

Truth of Bengal: আবার অসুস্থ হলেন কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধি। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই মুহূর্তে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে অস্ত্রোপচারটি খুব একটা গুরুতর নয়। তবে কবে অস্ত্রোপচার হবে তা অবশ্য এখনও জানা যায়নি। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত তৃতীয়বার হাসপাতালে যেতে হল তাঁকে।

মার্চ মাসে শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ার পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। দ্রুত তাঁকে ভর্তি করতে হয় দিল্লির গঙ্গারাম হাসপাতালে। সাম্প্রতিক কালে নানা শারীরিক জটিলতায় ভুগছেন সোনিয়া গান্ধি। গত বছরের ডিসেম্বর মাসে ৭৯ বছরে পা দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া। সেই বছর ফেব্রুয়ারি মাসে এবং জুন মাসে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সনিয়াকে। ২০১১ সালের আগস্ট মাসে ক্যানসারের চিকিৎসায় সোনিয়ার অস্ত্রোপচার হয়েছিল। তার পরে ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তিনি। গত বছর শিমলায় বেড়াতে গিয়ে সেখানে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন।

দ্রুত শিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবার শারীরিক নানা পরীক্ষা ও ছোট অস্ত্রোপচারের জন্য সোনিয়া গান্ধিকে বুধবার সকালে গুরুগ্রামের মেদান্তা দ্য মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর ডাক্তারি পরীক্ষা চলছে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে। তবে সোনিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগের তেমন কিছু নেই বলে জানা যাচ্ছে।

Related Articles