মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হলেন ড. সুব্রত গুপ্ত
এরপর তিনি কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারারস কর্পোরেশন এর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন।
Truth of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: পশ্চিমবঙ্গ ক্যাডার এর ১৯৯০ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্ত রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হলেন। এই বিষয়ে নবান্ন থেকে জারি হয়েছে নির্দেশিকা। আইআইটি খড়্গপুরের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং -এ এম টেক ও পিএইচডি করা এই কৃতবিদ্য প্রাক্তনী একদা রাজ্যে ও কেন্দ্রের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত সুদক্ষ ভাবে পালন করেছেন। শ্রীরামপুরের মহকুমা শাসক, অবিভক্ত জলপাইগুড়ি এবং অবিভক্ত বর্ধমান এর জেলাশাসক ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম এর ম্যানেজিং ডিরেক্টর এর দায়িত্বও সামলেছেন ।
এরপর তিনি কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারারস কর্পোরেশন এর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন। তিনি একদা ভারত সরকারের জুট কমিশনার ও কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের যুগ্ম সচিব এর দায়িত্ব পালন করেছেন । কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও
ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন তিনি ।
তিনি রাজ্যের জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন, নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের প্রধান সচিব,খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন বিষয়ক দপ্তর এবং বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত মুখ্য সচিব হিসাবে পশ্চিমবঙ্গে কাজ করেছেন। তাঁর কর্মজীবনের শেষ দিকে নয়াদিল্লিতে ভারত সরকারের কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের সচিব হিসেবে কর্মজীবন থেকে অবসর নেন।
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি ভারতের নির্বাচন কমিশন নিযুক্ত এস আই আর বা বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত রাজ্যের পর্যবেক্ষক ও বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক হিসেবে অত্যন্ত সুদক্ষ ভাবে দায়িত্ব পালন করেন।

