বঙ্গোপসাগরে আবার ঘনীভূত বিশাল বিপদ! ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কোন কোন জেলা?
উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Truth of Bengal: বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উঁচুতে একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা আরও ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর ফলে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বাড়বে।
উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত প্রবল বজ্রবিদ্যুৎ এবং ১৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় দফায় দফায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও দুর্যোগ থামার ইঙ্গিত নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৯ আগস্ট থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ৮ আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ সাময়িকভাবে ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া দপ্তর নিচু এলাকায় জলজট এবং ফসলের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে সাধারণ মানুষকে দুর্যোগের সময়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।






