রাজ্যের খবর

১৩-১৪ অগস্ট ‘দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস’, জেলায় জেলায় বিশেষ কর্মসূচির নির্দেশ

দেশভাগের ফলে মানুষের যে দুর্ভোগ, ত্যাগ ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল, তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

Truth of Bengal: ১৯৪৭-এর দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের স্মরণে আগামী ১৩ ও ১৪ অগস্ট দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস পালনের উদ্যোগ নিল রাজ্য সরকার। এই উপলক্ষে রাজ্যের সমস্ত জেলায় বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।এই মর্মে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে সমস্ত জেলার জেলাশাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। ৪ অগস্টের ওই নির্দেশিকায় জেলাশাসকদের উপযুক্ত কর্মসূচি আয়োজন করে দেশভাগের সময় প্রাণ হারানো এবং বাস্তুচ্যুত হওয়া অসংখ্য মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলা হয়েছে। দেশভাগের ফলে মানুষের যে দুর্ভোগ, ত্যাগ ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল, তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

নির্দেশিকা অনুযায়ী, ১৪ অগস্ট সন্ধ্যায় জেলা সদরগুলিতে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। এই কর্মসূচিতে সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষকে যুক্ত করার কথা বলা হয়েছে।পাশাপাশি, ১৩ ও ১৪ অগস্ট দেশভাগের ইতিহাস, তার মানবিক প্রভাব, উদ্বাস্তু মানুষের সংগ্রাম ও তাঁদের ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে প্রদর্শনী আয়োজন করা হবে। জেলা সদর বা অন্য কোনও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে এই প্রদর্শনী করার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল পড়ুয়াদেরও প্রদর্শনী দেখতে উৎসাহিত করার কথা বলা হয়েছে।এছাড়াও দেশভাগের বিভীষিকা ও তার ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে সরবরাহ করা তথ্যচিত্র ব্যবহার করার কথা জানানো হয়েছে।

রাজ্য সরকারের নির্দেশিকায় সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। প্রতিটি জেলার জন্য এই কর্মসূচি আয়োজনের খাতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।১৯৪৭ সালের দেশভাগের ভয়াবহ স্মৃতি ও তার ফলে মানুষের ত্যাগ-তিতিক্ষাকে স্মরণ করতেই ১৪ অগস্ট দেশজুড়ে এই দিবস পালন করা হয়। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ২০২১ সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে।

Related Articles