বিদেশ পালানোর ছক? ইডির নজরে ডিসিপি শান্তনু সিনহা! জারি লুক আউট নোটিস
Truth of Bengal: কলকাতার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে জারি করা হয়েছে ‘লুক আউট নোটিস’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আশঙ্কা করছে, শান্তনু সিনহা যে কোনও সময় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। আর সেই সম্ভাবনাকে মাথায় রেখেই দেশের সমস্ত বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছে ইডি।
কেন এই লুক আউট নোটিস?
ইডি সূত্রে জানা গিয়েছে, বালি পাচার সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় গত কয়েক মাস ধরেই শান্তনু সিনহাকে জেরা করতে চাইছেন কেন্দ্রীয় আধিকারিকরা। তদন্তে তাঁর নাম উঠে আসায় তাঁকে দফায় দফায় তলব করা হয়েছে। কিন্তু অভিযোগ, পাঁচবার সমন পাঠানো সত্ত্বেও তিনি কেন্দ্রীয় দপ্তরে হাজিরা দেননি। আইনজীবী পাঠিয়ে নিজের অনুপস্থিতির কারণ দর্শালেও, ইডির আধিকারিকরা মনে করছেন, তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছেন এই পুলিশকর্তা। হাজিরা না দেওয়ার প্রবণতা এবং তদন্তে অসহযোগিতার জেরেই তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হল।
অতীতেও বিতর্ক, ফের অস্বস্তিতে ডিসিপি
শান্তনু সিনহার বিরুদ্ধে অভিযোগের তালিকা নেহাত ছোট নয়। বঙ্গ ভোটের আবহে ফার্ন রোডে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডির তদন্তকারীরা। মূলত জমি দখল এবং তোলাবাজি সংক্রান্ত ‘সোনা পাপ্পু’ মামলার তদন্তে নেমে ইডি আধিকারিকরা তাঁর পরিবারের সদস্যদেরও তলব করেছিলেন। যদিও সেই সময় তাঁর দুই পুত্র সায়ন্তন এবং মণীশ কেন্দ্রীয় দপ্তরে হাজিরা দেননি। এবার বালি পাচার ও আর্থিক দুর্নীতির নতুন মামলায় নাম জড়ানোয় চাপ বাড়ল ডিসিপির ওপর।
তদন্তকারীদের দাবি, বালি পাচারের মাধ্যমে বিশাল অংকের টাকা নয়ছয় করা হয়েছে, যার নেপথ্যে শান্তনু সিনহার যোগ থাকার জোরালো প্রমাণ রয়েছে। একের পর এক সমন এড়িয়ে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করলেও, লুক আউট নোটিস জারির ফলে এখন তাঁর বিদেশ যাত্রা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা কোনওভাবেই এই মামলা লঘু করতে চাইছে না। এখন দেখার, ইডির এই কড়া বার্তার পর শান্তনু সিনহা আইনি পথে কোনও সুরক্ষা পান, নাকি তাঁকে জেরার মুখোমুখি হতে হয়।






