ভোট মিটতেই সিজিআই কমপ্লেক্সে সুজিত বসু! পুর-নিয়োগ মামলায় অবশেষে ইডির মুখোমুখি দমকলমন্ত্রী
আদালতের নির্দেশ মেনে নির্বাচন পর্ব শেষ হতেই তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হলেন এই তৃণমূল নেতা।
Truth of Bengal: ভোট মিটতেই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। পুর-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন তিনি। এর আগে পরপর তিনবার হাজিরা এড়িয়ে গেলেও, আদালতের নির্দেশ মেনে নির্বাচন পর্ব শেষ হতেই তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হলেন এই তৃণমূল নেতা।
দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সুজিত বসুকে দীর্ঘ দিন ধরেই তলব করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নির্বাচনের ব্যস্ততার কারণ দেখিয়ে আগে চারবার নোটিশ পাওয়া সত্ত্বেও তিনি হাজিরা দেননি। এই পরিস্থিতিতে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ালে আদালত জানিয়েছিল, নির্বাচন চলাকালীন তাঁকে যেতে হবে না, তবে ভোট মিটলে অবশ্যই হাজিরা দিতে হবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই শুক্রবার আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে পৌঁছন মন্ত্রী।
সিজিও কমপ্লেক্সে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজিত বসু বিশেষ কিছু খোলসা করতে চাননি। কোনো নথি সঙ্গে এনেছেন কি না জানতে চাওয়া হলে তিনি সংক্ষেপে জানান যে, কোনো নথি নয়, বরং আদালতের নির্দেশনামা নিয়ে এসেছেন তিনি। বাকি কথা পরে জানাবেন বলে এড়িয়ে যান। তবে এর আগেও তিনি দাবি করেছিলেন যে, সিবিআই এই মামলায় যে চার্জশিট জমা দিয়েছে, সেখানে তাঁর নাম নেই। ফলে কেন তাঁকে বারবার ইডি তলব করছে, সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই বলেই তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত বছর পুর নিয়োগ মামলার তদন্তে নেমে সুজিত বসুর লেকটাউনের বাড়ি এবং সল্টলেকের অফিসে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু তাই নয়, তাঁর রেস্তোরাঁ এবং ছেলের ব্যবসার জায়গাতেও হানা দিয়েছিলেন আধিকারিকরা। সেই সময় মন্ত্রীর স্ত্রী ও ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যদেরও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর ভোট মিটতেই সুজিত বসুর এই হাজিরা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।





