রাজ্যের খবর

ইভিএমে সেলোটেপ! বাতিল হতে পারে গোটা ফলতার ভোট? যা জানাল কমিশন…

বিজেপির বোতামে আঠা! ফলতায় মারাত্মক জালিয়াতির অভিযোগ নিয়ে রণংদেহি মেজাজে কমিশন

Truth of Bengal: ২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সবথেকে বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা। ইভিএমে কারচুপির অভিযোগে রীতিমতো নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। বুধবার ফলতার বেশ কয়েকটি বুথে ইভিএমের বোতামে সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠার পরেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। প্রয়োজনে গোটা ফলতা বিধানসভাতেই ফের নির্বাচনের (Repoll) নির্দেশ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার অভিযোগ, ভোটাররা যাতে পদ্ম প্রতীকে ভোট দিতে না পারেন, তার জন্য পরিকল্পিতভাবে ইভিএমের নির্দিষ্ট বোতামে টেপ সেঁটে অকার্যকর করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ বলে দাবি করে অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ চান তিনি। অভিযোগের গুরুত্ব বুঝে তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে কমিশন। মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, “অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। যেখানেই টেপ লাগানোর প্রমাণ মিলবে, সেখানেই পুনর্নির্বাচন হবে। আর যদি এই ঘটনার ব্যাপ্তি বেশি হয়, তবে গোটা ফলতাতেই ফের ভোট নেওয়া হতে পারে।”

তৃণমূল নেতা জাহাঙ্গির খানের খাসতালুক হিসেবে পরিচিত ফলতায় গত দুদিন ধরেই পারদ চড়ছিল। উত্তরপ্রদেশের দুঁদে আইপিএস অজয় পাল শর্মা সোমবারই জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে ‘ওয়ার্নিং’ দিয়ে এসেছিলেন। তার পরেই বুধবারের এই ‘টেপ-কাণ্ড’ নতুন মাত্রা যোগ করেছে। এদিকে দিল্লির নজরেও এখন ফলতা।

সূত্রের খবর, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে শুভেন্দু অধিকারীর কাছ থেকে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, কমিশনের এই চরম হুঁশিয়ারির পর ফলতার ভাগ্য কোন দিকে মোড় নেয়? জট কাটাতে এখন নজর দিল্লির পর্যবেক্ষকদের চূড়ান্ত রিপোর্টের দিকে।

Related Articles