কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ! স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিপাকে শ্রীরামপুরের সাংসদ
শ্রীরামপুরের সাংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে গেরুয়া শিবিরের পক্ষ থেকে তাঁকে অবিলম্বে গ্রেফতার করার জোরালো দাবি জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগে এবার আইনি বিপাকে জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে কড়া ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। শ্রীরামপুরের সাংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে গেরুয়া শিবিরের পক্ষ থেকে তাঁকে অবিলম্বে গ্রেফতার করার জোরালো দাবি জানানো হয়েছে।
বিজেপির দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের ঠিক আগেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণ শানিয়েছিলেন। তিনি অমিত শাহকে ‘গুন্ডা’, ‘জহ্লাদ’, ‘কাপুরুষ’ এবং ‘কমপ্লিটলি ডার্টি ম্যান’-এর মতো চরম আপত্তিকর বিশেষণে আক্ষরিক অর্থেই বিদ্ধ করেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক অনৈতিক ও বেআইনি কাজের সঙ্গে যুক্ত বলেও চাঞ্চল্যকর দাবি করেন তিনি। শনিবার এই সমস্ত তথ্য ও প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়ে কল্যাণের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা।
এই মামলার অন্যতম অভিযোগকারী তথা বিজেপি নেতা ভাস্কর ঘোষ বলেন, “আমাদের দেশের সম্মানীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ধরণের কুরুচিকর ও নিম্নমানের শব্দপ্রয়োগ করেছেন, তা আইনত শাস্তিযোগ্য অপরাধ। পুলিশকে ওঁকে দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়া উনি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবারকে নিয়েও প্রতিনিয়ত অত্যন্ত কটু ও কুরুচিকর মন্তব্য করে চলেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
অমিত শাহকে অবমাননা করার পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কানি দেওয়ার গুরুতর অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়েও শ্রীরামপুরের সাংসদ এলাকায় অশান্তি ছড়াতে এবং দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে একাধিকবার প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছিলেন। শ্রীরামপুর থানার পুলিশ বিজেপি নেতৃত্বের এই অভিযোগপত্র গ্রহণ করেছে এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, ঠিক একই অভিযোগে গত শুক্রবার রিষড়া থানাতেও কল্যাণের বিরুদ্ধে একটি পৃথক অভিযোগ দায়ের করেছিলেন বিজেপির এক কাউন্সিলর। তবে তাঁর বিরুদ্ধে ওঠা এই জোড়া অভিযোগ নিয়ে তৃণমূলের এই আইনজীবী-সাংসদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্রমাগত আক্রমণের পাল্টা জবাব দিতে শনিবার বিকেলে শ্রীরামপুরের বটতলা এলাকায় বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেখানে শ্রীরামপুরের সাংসদের একটি কুশপুতুল দাহ করেন বিজেপি কর্মীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকে নিয়ে কল্যাণের লাগাতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদেই এই ধিক্কার মিছিল ও পুতুল পোড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছিল বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।






