রাজ্যের খবর

বালুরঘাটে প্রতিভার মেলা! অঙ্কন, যোগাসন ও রবীন্দ্রনৃত্যের লড়াইতে মাতল দক্ষিণ দিনাজপুরের খুদেরা

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তীতে রাজ্য পর্যায়ে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিনিধিত্ব করবে।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট : বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে শনিবার ২৬ এপ্রিল বালুরঘাটে অনুষ্ঠিত হল জেলাব্যাপী অঙ্কন, যোগাসন ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা। বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাব পরিচালিত বিংশ শতাব্দী যোগা একাডেমীর ব্যবস্থাপনায় ক্লাবের নিজস্ব ইনডোর প্রাঙ্গণে বসে এই রাজ্য স্তরের নির্বাচনী প্রতিযোগিতার আসর।এদিন তিনটি পৃথক বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বর্গীয় শম্ভুনাথ মল্লিক স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা, স্বর্গীয় দিলীপ হাজরা স্মৃতি রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা এবং স্বর্গীয় স্নেহেশ শুর স্মৃতি যোগাসন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু খুদে ও কিশোর প্রতিযোগী অংশগ্রহণ করে।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তীতে রাজ্য পর্যায়ে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিনিধিত্ব করবে। সকাল থেকেই প্রতিযোগী, অভিভাবক ও দর্শকদের ভিড়ে ইনডোর প্রাঙ্গণ ছিল জমজমাট।প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন জেলার বিশিষ্ট শিল্পী, সংস্কৃতি ব্যক্তিত্ব ও যোগ প্রশিক্ষকরা।বিংশ শতাব্দী যোগা একাডেমীর সম্পাদক জানান, “তিনজন প্রয়াত বিশিষ্ট ব্যক্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে অঙ্কন, যোগচর্চা এবং রবীন্দ্রসংস্কৃতির প্রসার ঘটানোই আমাদের মূল লক্ষ্য।”অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন অতিথিরা।

Related Articles