রাজ্যের খবর

প্রচার ছেড়ে সোজা তেলেভাজার দোকানে! নিজের হাতে চপ ভেজে মুড়ি খেলেন বিজেপির লক্ষ্মণ

চপ ভাজতে ভাজতেই মুখ্যমন্ত্রীকে সরাসরি তোপ দুর্গাপুর পশ্চিমের পদ্ম-প্রার্থীর।

সনাতন গড়াই, দুর্গাপুর: ভোটের মুখে জনসংযোগে নয়া চমক দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পশ্চিম বিধানসভার আমরাই এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে কার্যত ‘চপ-শিল্পে’ হাত পাকালেন এই পদ্ম-প্রার্থী। কোনো বড় রাজনৈতিক ভাষণ নয়, বরং রাস্তার ধারের দোকানে বসে নিজের হাতে গরম গরম চপ ভেজে সাধারণ মানুষের নজর কাড়লেন তিনি। আর সেই চপ দিয়েই সারলেন প্রাতরাশ।

বৃহস্পতিবার সকালে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন লক্ষণ ঘড়ুই। এলাকায় ঘোরার সময় হঠাৎই ঢুকে পড়েন রাস্তার ধারের একটি চপের দোকানে। এরপর আর পাঁচজন নেতার মতো শুধু কুশল বিনিময় করেই ক্ষান্ত হননি তিনি, সোজা খুন্তি হাতে কড়াইয়ের সামনে বসে পড়েন। প্রার্থীর এই রূপ দেখে হকচকিয়ে যান দোকানের মালিক থেকে শুরু করে পথচারীরাও। স্থানীয়দের সঙ্গে খোশগল্প করতে করতেই পটু হাতে লাল লাল করে চপ ভেজে তোলেন তিনি। এরপর নিজের হাতের ভাজা সেই চপ ও মুড়ি দিয়ে প্রাতরাশ সেরে ফের শুরু করেন প্রচার।

এই অভিনব জনসংযোগের ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী। চপ ভাজা প্রসঙ্গে লক্ষণ ঘড়ুই বলেন, “দিদিমণি তো আমাদের চপ ভাজতে বলেছেন। কিন্তু চপের দোকানে আজ লোক নেই। সাধারণ মানুষের রোজগার কোথায়? আমি তো গ্রামের ছেলে, তাই গ্রামের মানুষের সঙ্গে মিশে থাকতেই ভালোবাসি।” তাঁর দাবি, তৃণমূল নেত্রী চপ শিল্পকে কর্মসংস্থানের দিশা বললেও আদতে সাধারণ মানুষ আর্থিক সঙ্কটে ভুগছে।

নির্বাচনের ময়দানে ভোটারদের মন জিততে প্রার্থীরা যখন নানা কৌশলে পাড়ায় পাড়ায় ঘুরছেন, তখন লক্ষণ ঘড়ুইয়ের এই ‘চপ-মুড়ি’ কূটনীতি দুর্গাপুরের রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজেপি শিবিরের দাবি, সাধারণ মানুষের ঘরের ছেলে হিসেবেই তিনি নিজেকে তুলে ধরতে চান। অন্যদিকে, বিরোধীরা এই ঘটনাকে স্রেফ ‘নির্বাচনী স্টান্ট’ বলে কটাক্ষ করলেও, চপের দোকানে প্রার্থীর এই কসরত দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই।

Related Articles