১ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান, ডেবরা থেকে বড় প্রতিশ্রুতি অমিত শাহের
কর্মসংস্থানের নতুন দিশা দেখানোর আশ্বাস দেন তিনি
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: “রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যেই বাস্তবায়িত হবে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান।” শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দলীয় প্রার্থী শুভাশিষ ওমের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা থেকে এই বড় ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করে তিনি স্পষ্ট জানান, বিজেপি ক্ষমতায় এলে বাংলার ভূমিপুত্রই হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।
আকালপৌষ ময়দানের এই সভা থেকে অমিত শাহ অভিযোগ করেন, গত ১৫ বছর ক্ষমতায় থাকলেও তৃণমূল নেত্রী ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেবল ‘মশকরা’ করেছেন। রূপনারায়ণ নদীর পলি তোলা বা ডেবরায় কংসাবতী নদীর ওপর সেতু নির্মাণের মতো জরুরি কাজগুলো অসম্পূর্ণ রেখে উন্নয়ন স্তব্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। সরকারি সুযোগ-সুবিধার খতিয়ান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে, বিজেপি সরকার গড়লে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা এবং বেকার যুবকদের জন্য সমপরিমাণ ভাতার ব্যবস্থা করা হবে। এছাড়া সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো এবং বন্ধ কলকারখানা পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিশা দেখানোর আশ্বাস দেন তিনি।
তৃণমূলের শাসনকালকে ‘সিন্ডিকেট রাজ’ হিসেবে আখ্যা দিয়ে শাহ বলেন, বালি থেকে সিমেন্ট—সর্বত্র সিন্ডিকেটের থাবা বসিয়েছে শাসকদল। মুখ্যমন্ত্রীর লক্ষ্য কেবল নিজের ভাইপোকে গদিতে বসানো, আর নরেন্দ্র মোদীর লক্ষ্য হলো দেশের সামগ্রিক উন্নয়ন। অনুপ্রবেশ ইস্যু টেনে তিনি হুঁশিয়ারি দেন যে, বিজেপি ক্ষমতায় এলে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে তাড়ানো হবে। শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোর বেহাল দশা তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, কেন আজও বাংলার ঘরে ঘরে পরিস্রুত পানীয় জল পৌঁছায়নি।
এদিন বক্তৃতায় জাতীয় নিরাপত্তার প্রসঙ্গও উঠে আসে। পুলওয়ামা কাণ্ড এবং তার জবাবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ সুরক্ষিত। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ‘দুর্নীতি ও চুরি’র অবসান ঘটিয়ে বাংলায় পদ্মফুল ফোটানোর জন্য সাধারণ মানুষের কাছে জোরালো আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।






