খেলা

বিশ্বকাপের মুখে বড় ধাক্কা! সফল কোচকে ছেঁটে ফেলে নতুন বিতর্কে পাকিস্তান হকি

অস্ট্রেলীয় কোচ কলিন ব্যাচের অধীনেই দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল

Truth of Bengal: গত দু’মাস ধরেই একের পর এক বিতর্কে জড়িয়ে শিরোনামে পাকিস্তানের হকি। কখনও আর্থিক সঙ্কটে হোটেলের বিল মেটাতে না পেরে খেলোয়াড়দের বাসন ধোয়ার ঘটনা, কখনও বা সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়া— সব মিলিয়ে পরিস্থিতি ছিলই উত্তপ্ত। সেই আবহেই আবার বড়সড় সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক ডেকে আনল পাকিস্তান হকি সংস্থা। হকি বিশ্বকাপে আট বছর পর ফেরার মুখে থাকা দলের কোচকে আচমকাই সরিয়ে দেওয়া হয়েছে। অস্ট্রেলীয় কোচ কলিন ব্যাচের অধীনেই দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল। অথচ সেই কোচকেই সরিয়ে দিয়ে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন অলিম্পিয়ান মনজ়ুর উল হাসানের হাতে। তিনি আসন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলিতে দলের কোচিং সামলাবেন। খেলোয়াড় জীবনে মনজ়ুর ছিলেন দেশের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার।

এই সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত ও ক্ষুব্ধ দলের খেলোয়াড়েরা। ব্যাচের সঙ্গে তাঁদের গড়ে উঠেছিল গভীর বোঝাপড়া। আধুনিক হকির কৌশল, পরিকল্পনা— সবকিছুতেই তাঁর দিশা পেয়ে উপকৃত হচ্ছিল দল। এমন গুরুত্বপূর্ণ সময়েই তাঁকে সরিয়ে দেওয়ায় দলের ভিতরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একজন খেলোয়াড়ের কথায়, ব্যাচের নেতৃত্বে দল আত্মবিশ্বাসী ছিল। বিশ্বকাপের আগে তাঁর অভিজ্ঞতা আরও কাজে লাগত। হঠাৎ এই সিদ্ধান্ত দলের উপর বড় ধাক্কা হিসেবে এসেছে। অনেকেরই আশঙ্কা, এতে দলের ক্ষতিই হতে পারে।

পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে, একাধিক খেলোয়াড় সংস্থার ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে যোগাযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের দাবি, দ্রুত ব্যাচকে ফেরানো হোক। শুধু কোচই নন, জাতীয় নির্বাচক কমিটিতেও বদল আনা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন অলিম্পিয়ান সামিউল্লাহ খান। সব মিলিয়ে বিশ্বকাপের আগে পাকিস্তান হকি শিবিরে অশান্তির মেঘ ঘনিয়ে আসছে।