প্রাক্তন স্বামীকে ‘বেকার’ বলায় বিতর্ক, অবশেষে ক্ষমা চাইলেন মেরি কম!
কাউকে আঘাত করা, সমাজে ভাঙন ধরানো বা নেতিবাচক বার্তা দেওয়ার কোনও ইচ্ছা আমার ছিল না
Truth of Bengal: ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্কের মাঝেই মুখ খুললেন ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। প্রাক্তন স্বামী কারুন অনলেরকে ‘বেকার’ বলে মন্তব্য করায় তৈরি হয়েছিল তীব্র সমালোচনা। সেই মন্তব্যে অনেকেই আঘাত পেয়েছেন বলে দাবি ওঠে। এ বার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিয়োবার্তায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন মেরি। ভিডিয়োবার্তায় মেরি কম বলেন, কাউকে আঘাত করা, সমাজে ভাঙন ধরানো বা নেতিবাচক বার্তা দেওয়ার কোনও ইচ্ছা আমার ছিল না। কাউকে কষ্ট দিতে চাইনি। তিনি আরও জানান, তাঁদের দাম্পত্য জীবনে শুরুতে কোনও সমস্যা ছিল না।
প্রথমের দিকে সব ঠিকই ছিল। কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়ে। শেষ পর্যন্ত আমরা একে অপরের জীবন থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে কোনও রোজগার না করে গলিতে ফুটবল খেলে বেড়ানোর অভিযোগ করেছিলেন মেরি। সেই মন্তব্যে ফুটবলপ্রেমী এবং ক্রীড়ামহলের একাংশ ক্ষুব্ধ হন। এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে মেরি বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ফুটবল, যুব সম্প্রদায় বা ক্রীড়াবিদদের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। তিনি বলেন, অনেকেই জীবনে কঠিন লড়াই করে সাফল্য অর্জন করেছেন। ফুটবলে সুনীল ছেত্রী, ভাইচুং ভুটিয়ার মতো তারকারা দেশকে গর্বিত করেছেন। আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, ১৮ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২৩ সালের ডিসেম্বরে বিচ্ছেদ হয় মেরি কম ও কারুন অনলেরের।
গত মাসে একটি সাক্ষাৎকারে মেরি অভিযোগ করেন, অনলের কোনও দিন উপার্জন করেননি এবং তাঁর উপার্জিত অর্থ ও সম্পত্তির অপব্যবহার করেছেন। মেরির দাবি, প্রাক্তন স্বামী তাঁর সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন, যা শোধ না হওয়ায় সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এর পাল্টা জবাব দিয়েছেন কারুন অনলের। তিনি মেরির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন। অনলেরের দাবি, ২০১৩ সাল থেকে এক জুনিয়র বক্সারের সঙ্গে এবং ২০১৭ সাল থেকে মেরির নিজস্ব বক্সিং অ্যাকাডেমির এক কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মেরি। তাঁর কথায়, এই সংক্রান্ত হোয়াট্সঅ্যাপ চ্যাটের প্রমাণ তাঁর কাছে রয়েছে। যদিও সন্তানদের কথা ভেবে আইনি লড়াইয়ে যেতে চান না বলেও জানিয়েছেন অনলের। তবে সম্পত্তি আত্মসাতের অভিযোগ তিনি মানতে নারাজ। তাঁর দাবি, অভিযোগ থাকলে প্রমাণ পেশ করা হোক।




