দেশ

পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ, ৩১ মে পর্যন্ত ইজরায়েল উড়ান বন্ধ করল এয়ার ইন্ডিয়া

বর্তমানে ইরান ও ইজরায়েল-আমেরিকার পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক অধিকাংশ বিমান সংস্থাই তেল আভিভ রুটে তাদের পরিষেবা বন্ধ রেখেছে।

Truth Of Bengal: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারত ও ইজরায়েলের মধ্যে সমস্ত উড়ান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, আগামী ৩১ মে পর্যন্ত নয়াদিল্লি থেকে তেল আভিভগামী সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই রুটে বিমান চলাচল বারবার বিঘ্নিত হচ্ছিল। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপজ্জনক হয়ে ওঠায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বড় পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রায়ত্ত এই বিমানসংস্থা।

বর্তমানে ইরান ও ইজরায়েল-আমেরিকার পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক অধিকাংশ বিমান সংস্থাই তেল আভিভ রুটে তাদের পরিষেবা বন্ধ রেখেছে। শুধুমাত্র হাতেগোনা কয়েকটি ইজরায়েলি বিমান সংস্থা অত্যন্ত কড়া বিধিনিষেধ মেনে যাতায়াত করছে। এয়ার ইন্ডিয়ার এই সাময়িক স্থগিতাদেশের ফলে ইজরায়েলে বসবাসকারী প্রায় ৪০ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক চরম উদ্বেগের মধ্যে পড়েছেন। বিশেষ করে যাঁরা পেশাগত বা ব্যক্তিগত কারণে কিংবা যুদ্ধের উত্তেজনা থেকে বাঁচতে দ্রুত দেশে ফিরতে চাইছেন, তাঁদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়া প্রবাসীদের জন্য বিকল্প পথের পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে ইজরায়েল থেকে ভারতে আসতে হলে যাত্রীদের প্রথমে স্থলপথে জর্ডন বা মিশরে পৌঁছাতে হবে এবং সেখান থেকে দিল্লির বিমান ধরতে হবে। যুদ্ধবিধ্বস্ত এই পরিস্থিতিতে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রবাসীদের নিরবচ্ছিন্নভাবে সাহায্য করে চলেছে এবং তাঁদের নিরাপদে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখছে।

Related Articles