ভোটের মুখে বিপাকে রত্না! পর্ণশ্রীতে বিজেপি কার্যালয়ে ‘তাণ্ডব’ চালানোর অভিযোগে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে FIR
রত্না এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিরোধী দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
Truth of Bengal: বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ তুঙ্গে। রবিবার দুপুরে পর্ণশ্রী এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং তাণ্ডব চালানোর অভিযোগে এবার সরাসরি এফআইআর (FIR) দায়ের হল তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের কড়া নির্দেশে পর্ণশ্রী থানায় এই মামলা রুজু করেছে পুলিশ। রত্না এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিরোধী দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। বিজেপির অভিযোগ, পর্ণশ্রীতে তাদের নির্বাচনী কার্যালয়ে আচমকাই চড়াও হয় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দলীয় কার্যালয়ের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি এবং দফায় দফায় উত্তপ্ত বাক্যবিনিময় চলে। ঘটনাস্থলে পৌঁছে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ দীর্ঘক্ষণ পর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।
বিজেপির এই অভিযোগের পাল্টা সরব হয়েছেন রত্না চট্টোপাধ্যায়ও। তিনিও পর্ণশ্রী থানায় গিয়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে তাঁদের ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন। রত্না বলেন, ‘‘বিজেপিই গন্ডগোল শুরু করেছে, আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। পরাজয় নিশ্চিত জেনেই ওরা নোংরা রাজনীতি করছে।’’ তবে সোমবার সকালে কমিশন সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই এফআইআর রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২৯ এপ্রিল বেহালা পশ্চিমে ভোটগ্রহণ। হেভিওয়েট এই কেন্দ্রে এবার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসনে ঘাসফুল শিবিরের বাজি রত্না। অন্যদিকে, গেরুয়া শিবিরের ইন্দ্রনীল খাঁর সঙ্গে তাঁর লড়াই এখন ব্যক্তিগত আক্রমণের স্তরে পৌঁছে গিয়েছে। রত্না বর্তমানে বেহালা পূর্বের বিধায়ক হলেও এবার তাঁর কেন্দ্র পরিবর্তন করেছে দল। ভোটের ঠিক মুখে প্রার্থীর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ তৃণমূল শিবিরের অস্বস্তি বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।






