বীরভূমে শাড়ি-বিতর্ক, অনুব্রতর সভার আগে কুপন বিলির অভিযোগ
সাধারণ মানুষ এই অপপ্রচারের জবাব ইভিএমেই দেবেন
Truth Of Bengal: বীরভূমের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের সভাকে কেন্দ্র করে দানা বাঁধল ‘শাড়ি বিতর্ক’। সভার আগে মহিলাদের মধ্যে ঢালাও শাড়ি বিলি করার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি, যা নিয়ে ভোটমুখী বীরভূমে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
বিজেপির অভিযোগ, অনুব্রত মণ্ডলের সভায় ভিড় বাড়াতে এবং ভোটারদের প্রভাবিত করতে আগেভাগেই বাড়ি বাড়ি গিয়ে কুপন বিলি করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এই কুপন দেখালেই সভার দিন মহিলারা নতুন শাড়ি পাবেন। বিজেপির জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি এই ঘটনাকে নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইতিমধ্যেই এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন তিনি।
পাল্টা প্রতিক্রিয়ায় এই সমস্ত অভিযোগকে পুরোপুরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সাঁইথিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী নীলাবতী সাহা। তাঁর দাবি, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েই বিজেপি এই ধরনের বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। সভার আকাশছোঁয়া জনপ্রিয়তা দেখে ভয় পেয়েই বিরোধীরা মিথ্যে অভিযোগের আশ্রয় নিচ্ছে বলে সরব হয়েছে ঘাসফুল শিবির। নীলাবতী দেবীর আত্মবিশ্বাসী বার্তা, সাধারণ মানুষ এই অপপ্রচারের জবাব ইভিএমেই দেবেন।
ভোটের মুখে বীরভূমের মাটিতে শাড়ি আর কুপন নিয়ে এই কাজিয়া এখন কোন দিকে মোড় নেয় এবং কমিশন এই নিয়ে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।






