খেলা

চোট সারিয়ে মাঠ কাঁপাতে প্রস্তুত মাহি, কেকেআর ম্যাচে প্রত্যাবর্তনের জোরালো সম্ভাবনা

আশার আলো দেখতে শুরু করেছেন সমর্থকেরা

Truth Of Bengal: আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল চেন্নাই সুপার কিংস। জানানো হয়েছিল, চোটের কারণে অন্তত দু’সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আচমকাই একটি অনুশীলনের ভিডিয়ো ঘিরে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন সমর্থকেরা।

পায়ের পেশিতে চোট পেয়েছিলেন ধোনি। সেই কারণে রিহ্যাবে থাকার কথা ছিল তাঁর। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গেল, কিটব্যাগ নিয়ে অনুশীলনে নামছেন তিনি। শুধু তাই নয়, সতীর্থ সাপোর্ট স্টাফের সঙ্গে হাসি-ঠাট্টায় মাততেও দেখা গিয়েছে তাঁকে। পরে আরও একটি ভিডিয়ো সামনে আসে, যেখানে নেটে ব্যাট হাতে বেশ স্বচ্ছন্দ ধোনি। কভার ও মিড-অনের উপর দিয়ে নিখুঁত শট খেলতে দেখা যায় তাঁকে। কোথাও কোনও অস্বস্তির ছাপ নেই, বরং বড় শটের বদলে নিজের ব্যাটিংয়ের সূক্ষ্ম দিকগুলো ঝালিয়ে নিতে ব্যস্ত তিনি।

তবে ধোনির প্রত্যাবর্তন নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চেন্নাই। তিনি কবে ফিরবেন, ফিরলে কোন ভূমিকায় খেলবেন— তা নিয়েও ধোঁয়াশা কাটেনি। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস-এর কাছে হারের পর দলের উপর চাপ কিছুটা বেড়েছে বলেই মনে করছেন অনেকে।

আগেই জানানো হয়েছিল, পুরোপুরি সুস্থ হতে ধোনির অন্তত দু’সপ্তাহ সময় লাগবে। সেই হিসেবে দিল্লির বিরুদ্ধে ম্যাচ পর্যন্ত তাঁর খেলার সম্ভাবনা কম। তবে সব কিছু ঠিকঠাক থাকলে কলকাতার বিরুদ্ধে ম্যাচে তাঁকে দেখা যেতে পারে মাঠে। কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

ধোনি না খেললেও দলের ভারসাম্যে বড় প্রভাব পড়ার কথা নয়। কারণ এ বার দলে রয়েছেন সঞ্জু স্যামসন, যিনি উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দায়িত্ব সামলাতে সক্ষম। তবুও একথা অস্বীকার করা যায় না, ধোনি মানেই আলাদা আকর্ষণ। তাঁর উপস্থিতিই চেন্নাইকে অন্য মাত্রা দেয়, আর তাই তাঁর দ্রুত প্রত্যাবর্তনের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।

Related Articles